সিরিয়ার অধিকৃত জাবল আল-শেখ বা মাউন্ট হারমন এলাকা পরিদর্শন করে ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রী সরকার পতনের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে সঙ্গে নিয়ে ওই এলাকা পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের চলমান অভিযানের বেশ কিছু লক্ষ্য এখনো অর্জন করা বাকি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো তেহরানের বর্তমান সরকারকে উৎখাত করা। তার দাবি, এই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করেন, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা প্রভাববলয় বা ‘অক্ষ’ শেষ পর্যন্ত পুরোপুরি ভেঙে পড়বে। এ সময় সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব ও সামরিক উপস্থিতির পক্ষেও যুক্তি তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় কোনো সশস্ত্র গোষ্ঠীকে ঘাঁটি স্থাপন কিংবা নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ দেওয়া হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
সূত্র: আল-জাজিরা