বিএনপি সরকারের সমালোচনা করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র উত্তেজনা ও হট্টগোলের

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:১১ সময় , আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:১১ সময়

বিএনপি সরকারের সমালোচনা করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ‘ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল’ নিয়ে আলোচনা চলার সময় সরকারি দলের সদস্যদের হইচইয়ে কিছু সময়ের জন্য অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, কোনো সরকার ক্ষমতায় এলে সেই সরকারের একটি নির্দিষ্ট চরিত্র তৈরি হয়। বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ সংকট কিংবা সারের সংকট থাকবে না—এমনটা হওয়ার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকারের সময়ে দেশ দুর্নীতিতে শীর্ষ অবস্থানে ছিল এবং ঋণখেলাপির পরিমাণ ৬ লাখ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমান সংসদকে ‘অসহিষ্ণু’ দাবি করে তিনি সংসদ সদস্যদের একটি বড় অংশ ঋণখেলাপি বলেও মন্তব্য করেন। রুমিনের বক্তব্যের একপর্যায়ে সরকারি দলের সদস্যরা সমস্বরে চিৎকার ও হট্টগোল শুরু করেন। নির্ধারিত সময় শেষ হয়ে মাইক বন্ধ হয়ে যাওয়ার পরও তিনি দাঁড়িয়ে কথা বলতে থাকেন। এ সময় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি অভিযোগ করেন, সরকারি দলের দিক থেকে তাকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালাগাল করা হচ্ছে।


পরিস্থিতিতে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তিনি বলেন, একজন সংসদ সদস্যকে এভাবে গালাগাল করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে প্রত্যেক সদস্যের নিজের বক্তব্য উপস্থাপনের অধিকার রয়েছে। কোনো বক্তব্য অসংসদীয় হলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ক্ষমতা স্পিকারের রয়েছে। কিন্তু বক্তব্য চলার সময় বাধা দেওয়া গণতান্ত্রিক সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


একই সঙ্গে নিজ দলের সংসদ সদস্যদের নিয়ন্ত্রণে রেখে সংসদের শৃঙ্খলা বজায় রাখতে চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেন ডেপুটি স্পিকার। পরে আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, কোনো সদস্যের বক্তব্য অসংসদীয় হলে স্পিকার প্রয়োজনীয় রুলিং দিতে পারেন অথবা সংশ্লিষ্ট মন্ত্রী তার জবাব দিতে পারেন।


অন্যদিকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি দাবি করেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। তাই সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার সময় সংযত থাকা উচিত। শেষ পর্যন্ত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মূল অর্থনৈতিক সংস্কারের বিল নিয়ে আলোচনা না করে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়া দুঃখজনক।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯