দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ নিয়ে আবারও ভারতের বাজারে শুরু হয়েছে আলোচনা। বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৭ সময় , আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৭ সময়

দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ নিয়ে আবারও ভারতের বাজারে শুরু হয়েছে আলোচনা। বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়ে ভারতের বাজারে আবারও নিয়মিত ইলিশ পাঠানোর সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন কলকাতার মৎস্য আমদানিকারকরা। শুক্রবার ১১ সেপ্টেম্বর কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে এই আবেদন জানায়। সংগঠনটি বলছে, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা নিয়মিত বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছিল।


তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন ভারতীয় আমদানিকারকরা। চিঠিতে তারা উল্লেখ করেন, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে মাত্র এক মাসের জন্য বিশেষভাবে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু এই সীমিত সময়ের অনুমতি ব্যবসায়িকভাবে প্রত্যাশিত ফল দিচ্ছে না।


ভারতের আমদানিকারকদের দাবি, দুই বাংলার মানুষের সংস্কৃতি, ভাষা ও খাবারের ঐতিহ্যের সঙ্গে ইলিশের গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। তাদের মতে, দুর্গাপূজার সময় বাংলাদেশের ইলিশ ভারতের মানুষের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করে। তাই শুধু উৎসবকেন্দ্রিক সীমিত অনুমতির পরিবর্তে ইলিশ রপ্তানির ওপর থাকা স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও মানুষের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।


চিঠিতে আরও আশা প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ সরকার যদি ইলিশ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেয়, তাহলে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে। এখন প্রশ্ন, দুর্গাপূজার আগে ভারতীয় আমদানিকারকদের এই অনুরোধে বাংলাদেশ সরকার কী সিদ্ধান্ত নেয়। কারণ ইলিশ শুধু একটি মাছ নয়, দুই বাংলার মানুষের আবেগ ও ঐতিহ্যের সঙ্গেও এটি গভীরভাবে জড়িত।


সূত্র: এএনআই

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯