বাংলাদেশ ফুটবল লিগ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। অথচ লিগ শুরুর তিন দিন আগেও ফিকশ্চার হাতে

ফেডকাপ এবং ফুটবল লিগের ফিকশ্চার ঘোষণা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময় , আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময়

বাংলাদেশ ফুটবল লিগ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। অথচ লিগ শুরুর তিন দিন আগেও ফিকশ্চার হাতে পায়নি দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলো। এমনকি গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত মোহামেডান, আবাহনীসহ একাধিক ক্লাব জানিয়েছিল, তাদের কাছে পৌঁছায়নি লিগের সূচি। পরে দিনভর নানা নাটকীয়তার পর রাত ৯টা ৫৯ মিনিটে সংবাদমাধ্যমকে ফিকশ্চার পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।


বাফুফের লিগ কমিটি আগেই ঘোষণা দিয়েছিল, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ফুটবল লিগ শুরু হবে। একই সঙ্গে ২২ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ ফুটবল শুরুর কথাও জানানো হয়। কিন্তু নির্ধারিত সময় ঘনিয়ে এলেও ফিকশ্চার প্রকাশ না হওয়ায় ক্লাবগুলোর মধ্যে তৈরি হয় অনিশ্চয়তা ও অসন্তোষ। মোহামেডানের পরিচালক মোস্তাকুর রহমান জানিয়েছেন, তাদের হাতে তখনও লিগের ফিকশ্চার পৌঁছায়নি। একই অবস্থার কথা জানিয়েছে আবাহনীও। ক্লাবটির ব্যবস্থাপক শহিদ হোসেন স্বপ্ন বলেন, তিনি ক্লাবে থাকা অবস্থায় ফিকশ্চার আসেনি। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হন, বাফুফে থেকেও সূচি পাঠানো হয়নি।


এর আগে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছিলেন, সেদিন রাতেই ক্লাবগুলো ফিকশ্চার পেয়ে যাবে। কিন্তু সেই ঘোষণা অনুযায়ী সময় পার হলেও সূচি হাতে না পাওয়ায় ক্লাবগুলোর মধ্যে প্রশ্ন তৈরি হয়—লিগ যদি নির্ধারিত সময়েই শুরু হয়, তাহলে প্রস্তুতি নেবে কীভাবে? এরই মধ্যে ক্লাবগুলো বাফুফের কাছে ছয়টি দাবি জানিয়েছিল। তাদের অন্যতম দাবি ছিল, এমনভাবে লিগ আয়োজন করতে হবে, যাতে প্রতিযোগিতাটি মাঝপথে বারবার বন্ধ না হয়। কারণ সামনে সাফ চ্যাম্পিয়নশিপ ও আসিয়ান কাপ ফুটবলের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতা রয়েছে। পাশাপাশি ঢাকার স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের দাবিও জানিয়েছিল ক্লাবগুলো।


ক্লাবগুলোর অভিযোগ, তাদের কোনো দাবিই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি। এমনকি ক্লাবগুলোর সঙ্গে বসে তাদের সমস্যাগুলো জানার উদ্যোগও নেওয়া হয়নি। এই পরিস্থিতির মধ্যেই ফেডারেশন কাপের ড্র সম্পন্ন করা হয় এবং লিগের সূচি প্রকাশের ঘোষণা দেওয়া হয়। ব্রাদার্স ইউনিয়নের ব্যবস্থাপক আমের খানও ক্ষোভ প্রকাশ করে বলেন, লিগ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি, অথচ ফিকশ্চারই নেই। এমন অবস্থায় দলগুলো কীভাবে নিজেদের প্রস্তুতি নেবে, সেটিই বড় প্রশ্ন।


শেষ পর্যন্ত রাত ৯টা ৫৯ মিনিটে লিগের ফিকশ্চার পাঠানো হয় সংবাদমাধ্যমের কাছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লিগ কমিটি একই সঙ্গে বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর থেকেই লিগের খেলা শুরু হবে এবং একদিনে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে মোহামেডানের কোনো ম্যাচ রাখা হয়নি। অন্যদিকে আবাহনীকে মানিকগঞ্জে পিডব্লিউডির বিপক্ষে খেলতে হবে।


এদিকে ২২ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। ফলে লিগ ও ফেডারেশন কাপ ঘিরে শেষ মুহূর্তের এই সূচি জটিলতা নিয়ে ক্লাবগুলোর অসন্তোষ কতটা কাটে, সেটিই এখন দেখার বিষয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯