একটি কালো পোশাক, একটি ঐতিহাসিক সন্ধ্যা, আর রাজপরিবারকে ঘিরে তুমুল আলোড়ন—তিন দশক পর আবারও আলোচনায় উঠে এসেছে প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত পোশাক। ১৯৯৪ সালে প্রিন্স চার্লস যখন টেলিভিশনে ক্যামিলার সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ করেন, ঠিক সেই সন্ধ্যায় লন্ডনের এক অনুষ্ঠানে এই পোশাক পরেই হাজির হয়েছিলেন ডায়ানা। এবার ঐতিহাসিক সেই পোশাকই উঠছে নিলামে। ধারণা করা হচ্ছে, এর দাম প্রায় ৩ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।
১৯৯৪ সালের সেই সন্ধ্যায় লন্ডনে সার্পেন্টাইন গ্যালারির তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। তার পরনে ছিল নকশাকার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের তৈরি স্ট্র্যাপবিহীন কালো রেশমের পোশাক। পরে এই পোশাকটি ‘রিভেঞ্জ ড্রেস’ নামে ব্যাপক পরিচিতি পায়। কারণ, রাজপরিবারকে ঘিরে তীব্র আলোচনার সেই সময়ে ডায়ানার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং পোশাকটি বিশ্বজুড়ে বিশেষ প্রতীকী অর্থ তৈরি করেছিল।
নিলাম প্রতিষ্ঠানটির হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের প্রধান মর্গেন হালিমির মতে, ডায়ানা বুঝেছিলেন ফ্যাশনকে যোগাযোগের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। আর ওই পোশাকের মাধ্যমে তিনি সেটিই করেছিলেন। এর আগে ১৯৯৭ সালে পোশাকটি নিলামে তোলা হয়েছিল। মৃত্যুর মাত্র কয়েক মাস আগে দাতব্য কাজের জন্য অর্থ সংগ্রহ করতে নিজের ৭৯টি পোশাক নিলামে বিক্রি করেছিলেন ডায়ানা। সেই নিলামেই পোশাকটি ৫২ হাজার ৯১৭ ডলারে কিনে নেন গ্লাসগোর বাসিন্দা ব্রিগ ও গ্রেম ম্যাকেঞ্জি।
এবার পোশাকটির বর্তমান মালিক গ্রেম ম্যাকেঞ্জি এটি আবার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নিলামে ঐতিহাসিক এই পোশাকটির দাম প্রায় ৩ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামের আগে ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর লন্ডনে পোশাকটি প্রদর্শন করা হবে। এরপর এটি হংকং, জেনেভা ও নিউইয়র্কে প্রদর্শনের জন্য নেওয়া হবে। পরে সেটিই উঠবে নিলামের মঞ্চে।
শুধু পোশাকটিই নয়, এর সঙ্গে বিক্রি করা হবে ১৯৯৭ সালের নিলাম ক্যাটালগের একটি অনুলিপিও। ক্যাটালগটিতে ডায়ানা এবং পোশাকটির নকশাকার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের স্বাক্ষর রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিক্রি থেকে পাওয়া অর্থের একটি অংশ দেওয়া হবে এডিনবার্গের একটি হাসপাতালে। ফলে রাজপরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই পোশাকের নিলাম যেমন ফ্যাশনপ্রেমীদের আকর্ষণ করবে, তেমনি এর সঙ্গে যুক্ত থাকবে একটি মানবিক উদ্যোগও। প্রায় ৩০ বছর পর আবারও নিলামে উঠতে যাওয়া ডায়ানার এই কালো পোশাক তাই শুধু একটি দামি পোশাক নয়; এটি ব্রিটিশ রাজপরিবারের ইতিহাস ও ডায়ানার ব্যক্তিত্বের এক আলোচিত প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।