সরকারের বিরুদ্ধে অভিযোগ না তুলে এবার ভিন্ন সুরে কথা বললেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার দাবি, নানা ধরনের ব্যয় ও ঋণের চাপ সামলাতে গিয়ে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। একই সঙ্গে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানির বিষয়টিও সরকারের ওপর চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, সরকারকে একদিকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে। ফলে চাইলেও সরকার সব ধরনের কাজ একসঙ্গে করতে পারছে না বলে তিনি মনে করেন।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে রুমিন ফারহানা জানান, বিভিন্ন উন্নয়নকাজের জন্য তিনি যেসব ডিও লেটার দিয়েছেন, সেগুলোর মোট মূল্য প্রায় ৭৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে অরুয়াইল থেকে রাজাপুর বাজার হয়ে রানিদিয়া পর্যন্ত একটি সড়কের প্রাক্কলিত ব্যয় ৩১ কোটি ২৭ লাখ টাকা। আরও কয়েকটি সড়কের জন্যও তিনি ডিও লেটার দিয়েছেন বলে জানান। তিনি বলেন, উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছেন। নতুন বাজেটের অর্থ ছাড় হতে কিছুটা সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি চিত্র নদীর ওপর একটি সেতুর কাজ ডিসেম্বরের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানান।
নিজের নেতাকর্মীদের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন, যাদের তিনি আত্মীয়ের মতো মনে করেন। মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। নিজের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ তাকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। এমনকি পুরো বাজেট তার হাতে দেওয়া হলে তা আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করতেন বলেও মন্তব্য করেন তিনি।
দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতাকর্মীদের মোবাইল ফোনের দিকে নজর রাখার আহ্বান জানান রুমিন ফারহানা। তার ভাষ্য, মোবাইলের দিকে তাকালেই বোঝা যাবে তিনি ঘুমিয়ে নেই; সংসদে কিংবা এলাকায় কোথাও না কোথাও জনগণের জন্য কাজ করছেন।