রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো নিষ্ক্রিয় করে। রোববার ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজের পাশে ‘দি হোয়াইট হল পার্টি সেন্টার’-এর সামনের একটি গলির মুখ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে গলির মুখে একটি পুরোনো প্লাস্টিকের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি জানানো হলে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তা নিশ্চিত করে তারা উদ্ধার করা ১০টি ককটেল নিষ্ক্রিয় করেন।
পুলিশ জানিয়েছে, ককটেলগুলো সেখানে কীভাবে এল এবং কে বা কারা এগুলো রেখে গেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে কী উদ্দেশ্যে বিস্ফোরকগুলো মজুত করা হয়েছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর দক্ষিণ দনিয়া এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ। ককটেল উদ্ধারের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।