উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার ২১ সেপ্টেম্বর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। গতকাল রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেয় সরকার।


নতুন উপাচার্য নিয়োগের খবর ক্যাম্পাসে পৌঁছানোর পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণত রাত ৮টার মধ্যেই ছাত্রীদের আবাসিক হলের ফটক বন্ধ হয়ে যায়। তবে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাত ১১টার দিকে ছাত্রীরাও হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন।


মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা একাডেমিক ভবন, ছাত্রী হল এবং শিক্ষকদের আবাসিক এলাকার বিভিন্ন সড়ক ঘুরে আবার স্বাধীনতা চত্বরে ফিরে আসেন। এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানান তারা।


রাত ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ জানান তারা। উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে রাতভর শিক্ষার্থীদের এই বিক্ষোভের ফলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এখন শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯