শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন দুজুয়ানের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের বিভিন্ন এলাকা। ঝড়ের প্রভাবে ১৬ লাখেরও বেশি বাসিন্দার জন্য

জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’, মৃত্যু ২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৪ সময় , আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৪ সময়

শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন দুজুয়ানের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের বিভিন্ন এলাকা। ঝড়ের প্রভাবে ১৬ লাখেরও বেশি বাসিন্দার জন্য স্থানান্তরের পরামর্শ জারি করা হয়েছে। একই সঙ্গে ঝড় ও সংশ্লিষ্ট দুর্যোগে অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর কিয়োদো নিউজের বরাতে আল জাজিরা জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।


সোমবার জাপানের রাজধানী টোকিওর কাছাকাছি কাৎসুরা এলাকার প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে টাইফুনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। প্রচণ্ড বাতাসের কারণে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে মঙ্গলবার ভোরের দিকে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে উপকূল থেকে উত্তর-পূর্ব দিকে সরে যেতে শুরু করে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টি উত্তর দিকে অগ্রসর হলেও এর প্রভাবে বিভিন্ন সতর্কতাধীন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।


জাপান আবহাওয়া সংস্থার কর্মকর্তা তাকুয়া হোসোমি সতর্ক করে বলেছেন, টাইফুনের প্রভাবে আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে জাপানের যোগাযোগব্যবস্থাতেও বড় ধরনের প্রভাব পড়েছে। সোমবার জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করে। এতে বিভিন্ন বিমানবন্দরে অসংখ্য যাত্রী আটকা পড়েন।


একই সঙ্গে টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেনসহ বেশ কিছু রেল পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে সাধারণ মানুষের চলাচলেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এদিকে অতিবৃষ্টি ও প্রবল বাতাস নিয়ে আগে থেকেই সতর্ক করেছিল জাপান আবহাওয়া সংস্থা। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ সেপ্টেম্বর মাসের গড় বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।


এরই মধ্যে ঐতিহাসিক কামাকুরা স্টেশন এবং টোকিওর পূর্বাঞ্চলীয় ইচিকাওয়ার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। কামাকুরার মেয়র তাকাসি মাতসুও গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে বিনোদন ও ক্রীড়াঙ্গনেও প্রভাব পড়েছে। টোকিও গেম শো, একটি বড় আউটডোর সংগীত উৎসব এবং চিবা এলাকায় নির্ধারিত একটি বেসবল ম্যাচ বাতিল করা হয়েছে।


সাধারণত গ্রীষ্মের শেষ এবং শরতের শুরুতে জাপানে প্রায়ই টাইফুনের প্রভাব দেখা যায়। চলতি বছরের ২৫তম শক্তিশালী টাইফুন হিসেবে দুজুয়ান দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলেছে। এখন ঝড়টি দুর্বল হয়ে সরে গেলেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় জাপানের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা অব্যাহত রয়েছে।


সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯