একসময় তিন সংস্করণেই ব্যাট হাতে রাজত্ব করেছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন শুধু

‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩১ সময় , আপডেট সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩১ সময়

একসময় তিন সংস্করণেই ব্যাট হাতে রাজত্ব করেছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন শুধু ওয়ানডেতেই দেখা যায় তাকে। কিন্তু সেই পথেও এবার শেষের ঘণ্টা বাজিয়ে দিলেন ভারতের এই তারকা ব্যাটার। কোহলি নিজেই জানিয়েছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। ৫০ ওভারের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত। আর এই আসরেই ভারতের হয়ে শেষবার বিশ্বকাপের মঞ্চে নামতে চান কোহলি।


ভারতের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নিজের সিদ্ধান্তের কথা জানান কোহলি। তিনি বলেন, তার জন্য এটাই ভারতের হয়ে খেলা শেষ বিশ্বকাপ। এই লক্ষ্যই তাকে অনুপ্রাণিত করছে এবং মাঠে নিজের সবকিছু উজাড় করে দিতে চান তিনি। শুধু অংশ নেওয়া নয়, বিশ্বকাপ জেতাই এখন তার প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যে যা যা করা প্রয়োজন, সেসব করার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত বলেও জানান। ৫০ ওভারের বিশ্বকাপকে অন্য যেকোনো ক্রিকেটের চেয়ে বেশি কঠিন ও তীব্র প্রতিযোগিতার মঞ্চ বলে মনে করেন কোহলি। তার মতে, ওয়ানডে বিশ্বকাপে টি-টোয়েন্টির মতো তীব্রতা নিয়ে প্রায় ১০টি ম্যাচ খেলতে হয়। অনেক সময় একদিনের একটি ম্যাচের চাপ যেন আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান ধকল তৈরি করে।


এত বড় একটি টুর্নামেন্টে টানা অনেকগুলো ম্যাচে একই মাত্রার মনোযোগ, শারীরিক সক্ষমতা ও পারফরম্যান্স ধরে রাখা যে কতটা কঠিন, সেটিও তুলে ধরেছেন কোহলি। আর সেই কারণেই নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্য নিয়েছেন তিনি। বিশ্বকাপে কোহলির রেকর্ডও অসাধারণ। এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৫৯ দশমিক ৮৩ গড়ে তার সংগ্রহ ১ হাজার ৭৯৫ রান। এই রান এসেছে ৫টি সেঞ্চুরি ও ১২টি ফিফটির সাহায্যে। বিশ্বকাপে ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে কোহলির প্রয়োজন আরও ৪৮৪ রান।


ফলে ২০২৭ বিশ্বকাপ শুধু কোহলির সম্ভাব্য শেষ বিশ্বকাপই নয়, ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও হতে পারে বিশেষ এক মঞ্চ। শচীনের রেকর্ড ভাঙার পাশাপাশি ভারতের হয়ে আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামতে চান এই তারকা ব্যাটার। টি-টোয়েন্টি ও টেস্টের পর এবার ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায়ের বার্তা দিয়ে দিলেন কোহলি। এখন অপেক্ষা ২০২৭ সালের সেই বিশ্বকাপের, যেখানে ভারতের জার্সিতে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে দেখা যেতে পারে আধুনিক ক্রিকেটের অন্যতম সফল এই ব্যাটারকে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯