বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা চললেও, এটি কোনো পক্ষের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয় বলে

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৯ সময় , আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৯ সময়

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা চললেও, এটি কোনো পক্ষের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তাঁর ভাষ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় স্বার্থ বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে রোববার ২৭ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন মাহদী আমিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মাহদী আমিন জানান, বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল। চুক্তি স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। তবে দুই দেশের প্রতিনিধিদের মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুক্তিটি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এর আগে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মাহদী আমিন জানিয়েছিলেন, দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণ ও নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনার অংশ হিসেবে বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।  তিনি বলেন, শুধু উড়োজাহাজ কেনার বিষয় নয়, জাতিসংঘ সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা’ নিয়েও একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই বৈঠকটিও প্রধানমন্ত্রীর উপস্থিতির বাইরে আলাদাভাবে অনুষ্ঠিত হয়।


মাহদী আমিন আরও জানান, চার দিনের সফরে প্রধানমন্ত্রী শুধু যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কর্মসূচিতেই সীমাবদ্ধ ছিলেন না। মোট ১১টি দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনা করেছেন তিনি। এসব আলোচনায় বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র।  জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের প্রসঙ্গ তুলে ধরে মাহদী আমিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। তরুণ ও নারীদের জন্যও বিভিন্ন নীতি ও পরিকল্পনার কথা ভাষণে উঠে এসেছে বলে জানান তিনি।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন ইস্যুর পাশাপাশি বিশ্ব শান্তির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। ফিলিস্তিন ইস্যুতেও বাংলাদেশের অবস্থান জাতিসংঘে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর চার দিনের সফরে মোট ৩০টি কর্মসূচিতে অংশ নেওয়া হয়। এর মধ্যে ছিল বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক। জাতিসংঘের আটটি প্রধান অনুষ্ঠানে অংশ নিয়ে সাতটিতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও রোহিঙ্গা সংকট নিয়ে দুটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। 


সফরে স্বাস্থ্য, কৃষি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মাহদী আমিন। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে তিনি জানান। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সংঘাতের কারণে জ্বালানি, বাণিজ্য এবং বাংলাদেশি প্রবাসীদের ওপর যে প্রভাব পড়ছে, তা বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।


জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর বিভিন্ন উদ্যোগের কথাও আলোচনায় এসেছে। সব মিলিয়ে জাতিসংঘ সফরে বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তি, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, জলবায়ু, জ্বালানি নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্ক—বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে বলে জানিয়েছেন মাহদী আমিন। তবে বোয়িং চুক্তি নিয়ে চাপের অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য হলো, সিদ্ধান্তটি আগে থেকেই নেওয়া হয়েছিল এবং বাংলাদেশের স্বার্থ বিবেচনায় রেখেই চুক্তি সম্পন্ন করা হয়েছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯