সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল আলোচনায় এলে প্রস্তাবিত সংবিধানে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে সমঝোতার ভিত্তিতে পরিবর্তনের

সমঝোতা ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে ‘নোট অব ডিসেন্টে’ ছাড়ের সুযোগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৬ সময় , আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৬ সময়

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল আলোচনায় এলে প্রস্তাবিত সংবিধানে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে সমঝোতার ভিত্তিতে পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জাতীয় স্বার্থে বিশেষ কমিটিতে নিজেদের প্রতিনিধি পাঠাতে বিরোধী দলগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তিনি। 


মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রায় তিন ঘণ্টার ওই আলোচনায় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার গঠনপ্রক্রিয়া, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব ও মতামত উঠে আসে।  সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার জন্য বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া গেছে। সংবিধান সংস্কারের এই প্রক্রিয়ায় বিরোধী দলগুলোকে অংশ নেওয়ার জন্য দ্রুত বিশেষ কমিটিতে নিজেদের প্রতিনিধির নাম পাঠানোর আহ্বান জানানো হবে বলেও জানান তিনি। 


তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান বিশেষ কমিটির সভাপতি। তাঁর বক্তব্য অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার কীভাবে এবং কাদের নিয়ে গঠিত হবে, সে বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। এ বিষয়ে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে বিভিন্ন প্রস্তাব নেওয়া হবে এবং শেষ পর্যন্ত বিষয়টি জাতীয় সংসদের বিবেচনার জন্য রাখা হবে। 


সংবিধান সংশোধনের ক্ষেত্রে শুধু রাজনৈতিক দলগুলোর মতামত নয়, সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছ থেকে পাওয়া মতামত ও পরামর্শও বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই অংশগ্রহণমূলক সংবিধান সংশোধনের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে।  এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়েও আলোচনায় বিভিন্ন মতামত এসেছে। কমিটির পক্ষ থেকে এসব বিষয়ে মতামত পর্যালোচনা করা হচ্ছে। তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার গঠনপ্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯