কলকাতায় পৌঁছে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার শুধু অপেক্ষা মাঠের লড়াইয়ের। শনিবার ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে

১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৫৩ সময় , আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৫৩ সময়

কলকাতায় পৌঁছে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার শুধু অপেক্ষা মাঠের লড়াইয়ের। শনিবার ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচকে ঘিরে এরই মধ্যে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকাদের একজন ভিনিসিয়ুস জুনিয়র। ভারতে পা রাখার পরই তিনি বুঝতে পেরেছেন, দেশটিতে তাকে ঘিরে ভক্তদের আগ্রহ কতটা। তবে এটাই ভিনিসিয়ুসের প্রথম ভারত সফর নয়। প্রায় ১০ বছর পর আবারও ভারতের মাটিতে ফিরেছেন এই ব্রাজিলিয়ান তারকা।


২০১৬ সালে ভারতের গোয়ায় আন্তর্জাতিক সংস্থা ব্রিকসের পাঁচ সদস্য দেশকে নিয়ে আয়োজন করা হয়েছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। সেখানে ব্রাজিল ও ভারত ছাড়াও অংশ নিয়েছিল চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা। সেই টুর্নামেন্টে ব্রাজিলকে শিরোপা জেতানোর পথে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ভিনিসিয়ুস। করেছিলেন সর্বোচ্চ চার গোল। এক দশক আগের সেই সফরের স্মৃতিও এখনো ভোলেননি ভিনিসিয়ুস। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোটবেলায় কখনো ভাবেননি যে আবারও ভারতে ফিরবেন। সেই সময়ই তিনি বুঝতে পেরেছিলেন, ভারতের সমর্থকদের মধ্যে তাকে ঘিরে কতটা আগ্রহ তৈরি হয়েছে।


ভিনিসিয়ুস বলেন, ভারতে সেই সময়ের স্মৃতিগুলো তার কাছে দারুণ। তিনি কখনো কল্পনা করেননি যে আবারও এখানে ফিরবেন। এমনকি তখনও জানতেন না যে ভারতীয় সমর্থকদের মধ্যে তার জন্য এতটা ভালোবাসা রয়েছে। ব্রাজিলের এই তারকা আরও জানান, সেই টুর্নামেন্টের সময়ই তিনি ভারতের সমর্থকদের ভালোবাসা অনুভব করেছিলেন। এরপর বিশ্বকাপ এলেও সেখানে তিনি খেলতে পারেননি। কিন্তু ভারত থেকে সমর্থকেরা নিয়মিত তাকে বার্তা পাঠিয়ে গেছেন। সেই ভক্তদের অনেকেই তাকে খুব কাছ থেকে অনুসরণ করেন। তাই আবার ভারতে ফিরতে পেরে তিনি আনন্দিত।


এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। সম্ভাব্য সাতটি পরিবর্তনের কথা জানা গেলেও ভিনিসিয়ুসের মাঠে নামা প্রায় নিশ্চিত। চোটের কারণে রাফিনিয়া ছিটকে যাওয়ায় আক্রমণভাগে ভিনিসিয়ুসের ওপর দায়িত্ব আরও বেড়েছে। ভারতের ফুটবলপ্রেমীরা তাই নিজেদের মাটিতে আবারও ভিনিসিয়ুসকে খেলতে দেখার অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে প্রায় এক দশক পর ভারতের মাটিতে ফিরে আসা এই তারকার পারফরম্যান্সের দিকেই থাকবে বাড়তি নজর।


এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে আনচেলত্তি দলে সাতটি পরিবর্তন এনে ৪-২ গোলের জয় পেয়েছিলেন। আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল কোচ ২৬ সদস্যের দল ঘোষণা করেছিলেন। ধারাবাহিকভাবে খেলোয়াড়দের পরখ করে দেখছেন তিনি। ভারতের বিপক্ষে ম্যাচটিও সেই পরীক্ষা-নিরীক্ষার অংশ। ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াডের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই ম্যাচটিকে দেখছেন আনচেলত্তি। তবে প্রতিপক্ষ যখন ভারত, আর মাঠে যখন থাকছেন ভিনিসিয়ুসের মতো বিশ্বতারকা, তখন ম্যাচটি ঘিরে উত্তেজনা যে অন্য মাত্রায় পৌঁছাবে, তা বলাই যায়। এখন অপেক্ষা শুধু রাত ৮টার। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল-ভারতের লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে কী হয়, সেদিকেই তাকিয়ে দুই দেশের ফুটবলপ্রেমীরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯