ইরানের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশটির জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তার জায়গায় রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের বার্তা বিষয়ক উপপ্রধান মেহেদি তাবাতাবাই রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, মহসেন পাকনেজাদ বেশ কিছুদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে বারবার অনুরোধ করার পর তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ইরানের জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন মহসেন পাকনেজাদ। তিনি এমন এক সময়ে দায়িত্ব ছাড়লেন, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সাত মাস ধরে চলা যুদ্ধের প্রভাবে দেশটির অর্থনীতি তীব্র চাপের মুখে রয়েছে।
ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ এবং পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকেরও সদস্য। ফলে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ে এই পরিবর্তন আন্তর্জাতিক বাজারেও নজর কেড়েছে। পদত্যাগের খবর প্রকাশের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে মহসেন পাকনেজাদের একটি মন্তব্যও প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, ইরান যে তেল বিক্রি করেছে, সেই তেলের রাজস্ব এখনো আসছে এবং তা অব্যাহত থাকবে বলে তিনি আশা করছেন।
তবে ব্যক্তিগত কারণ ছাড়া তার পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে সরকারি পক্ষ থেকে অতিরিক্ত কোনো তথ্য জানানো হয়নি। এখন ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে হামিদ বোভার্দ দায়িত্ব নেওয়ায় ইরানের জ্বালানি খাতে তার পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে। বিশেষ করে যুদ্ধের কারণে অর্থনৈতিক চাপ, তেল বিক্রি এবং রাজস্ব প্রবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামলানোই নতুন দায়িত্বে তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
সূত্র: রয়টার্স