ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদে বহাল থাকলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই বলে মন্তব্য

‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৪১ সময় , আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৪১ সময়

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদে বহাল থাকলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার অভিযোগ, জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এমনকি নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি। সোমবার মহারাষ্ট্রের পুণেতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন দীপকে।


মহারাষ্ট্র লোকসেবা কমিশনের বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা সেখানে আন্দোলন করছেন। তাদের আন্দোলনে সমর্থন জানিয়ে দীপকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এবং দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এমন নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন। তিনি আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল নিয়ে ভোটের আগেই একটি ধারণা তৈরি হয়ে যেতে পারে। এমনকি কে বিজয়ী হবেন, সেটিও আগে থেকে নির্ধারিত থাকার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।


ভারতের কয়েকটি রাজ্যে বিজেপির জয় নিয়েও প্রশ্ন তোলেন দীপকে। তার দাবি, এমন কিছু রাজ্যেও বিজেপি জয় পেয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা সবচেয়ে বেশি থাকার সময়ও দলটি জয় পায়নি। এদিকে পুণেতে চলমান মহারাষ্ট্র লোকসেবা কমিশনের চাকরিপ্রার্থীদের আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি। আন্দোলনকারীদের অভিযোগ, কমিশনের বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এর ফলে বিপুলসংখ্যক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে মহারাষ্ট্র সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন আন্দোলনকারীরা।


আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাতীয়তাবাদী কংগ্রেস দলের নেতা রোহিত পাওয়ারের প্রতিও সমর্থন জানিয়েছেন দীপকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মহারাষ্ট্র লোকসেবা কমিশনের পরীক্ষার্থী এবং তাদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানকারীদের পাশে রয়েছেন তিনি। দীপকের দাবি, বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখের বেশি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আন্দোলনকারীরা কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বলেও জানান তিনি।


এর আগে থেকেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ভারতের বিরোধী রাজনৈতিক দল ও কিছু নাগরিক সংগঠন প্রশ্ন তুলে আসছে। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন পরিচালনার পদ্ধতি নিয়ে বিতর্ক রয়েছে। এর মধ্যেই দীপকের সরাসরি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি করেছে। তবে অভিজিৎ দীপকের এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে নির্বাচন কমিশন কিংবা বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯