আকাশে চাঁদ নেই, চলছে অমাবস্যার সময়। অথচ সেই রাতেই চাঁদের দিকে হাত বাড়িয়ে মুগ্ধতা ছড়ালেন চিত্রনায়িকা পরীমণি! পাশে ফুটে থাকা বাগানবিলাসের ফুল, মাথার ওপরে উজ্জ্বল চাঁদ আর পরীমণির মনোমুগ্ধকর ভঙ্গি—সব মিলিয়ে তাঁর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। তবে সৌন্দর্যের পাশাপাশি ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
প্রশ্ন উঠেছে, আকাশে যখন চাঁদের দেখা নেই, তখন পরীমণির ছবিতে এত উজ্জ্বল চাঁদ এল কোথা থেকে? সিনেমায় অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমণি। প্রায়ই নিজের ব্যক্তিগত মুহূর্ত ও নানা অভিজ্ঞতার ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী, যেখানে তাঁকে দেখা গেছে রাতের স্নিগ্ধ পরিবেশে বাগানবিলাসের ফুলের পাশে বসে চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিতে।
ছবিগুলোর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্ক্তি ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’ জুড়ে দিয়েছেন পরীমণি। ফুল, রাতের আবহ আর চাঁদের আলোয় সাজানো ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনেক অনুরাগী। কিন্তু ছবিগুলো প্রকাশের পরই শুরু হয় অন্য আলোচনা। কারণ, বাংলাদেশের আকাশে যখন অমাবস্যার সময় চলছে এবং উজ্জ্বল পূর্ণচাঁদ দেখার কথা নয়, তখন পরীমণির ছবিতে এমন ঝলমলে চাঁদের উপস্থিতি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে কেউ কেউ বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন।
একজন মন্তব্য করেছেন, ‘এখন তো অমাবস্যা!’ আরেকজন লিখেছেন, ‘আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না।’ অন্যদিকে, অনেক ভক্তের চোখ অবশ্য চাঁদের দিকে নয়, পরীমণির সৌন্দর্যেই আটকে গেছে। একজন মজা করে লিখেছেন, ‘চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘পরীর চাঁদের চেয়েও সুন্দর তুমি।’
তবে ছবিগুলো ঠিক কবে তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি পরীমণি। ধারণা করা হচ্ছে, ছবিগুলো আগের কোনো পূর্ণিমার রাতে তোলা হতে পারে। সে ক্ষেত্রে ছবিতে চাঁদের উপস্থিতি নিয়ে তৈরি হওয়া প্রশ্নের উত্তরও মিলতে পারে।
সব মিলিয়ে, বাগানবিলাসের পাশে পরীমণির এই চন্দ্রবিলাস ভক্তদের যেমন মুগ্ধ করেছে, তেমনি চাঁদের উপস্থিতি ঘিরে তৈরি করেছে নানা কৌতূহল। আর সেই কৌতূহলেই ছবিগুলোর মন্তব্যের ঘরে চলছে প্রশংসা, প্রশ্ন আর মজার সব প্রতিক্রিয়া।