রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্য বাড়াতে দেয়ালে যুক্ত হয়েছে তিন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। নতুন করে আঁকা হয়েছে নারী

সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৬ সময় , আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৬ সময়

রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্য বাড়াতে দেয়ালে যুক্ত হয়েছে তিন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। নতুন করে আঁকা হয়েছে নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্‌দীন এবং কবি জীবনানন্দ দাশের ছবি। তবে নতুন প্রতিকৃতি যুক্ত হওয়ার পাশাপাশি দেয়াল থেকে বাদ পড়েছে সাংবাদিক ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি। মঙ্গলবার, ১৩ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশের ফুটপাতের দেয়ালে এই তিন গুণীজনের ছবি আঁকা হয়। ফুটপাতটির সৌন্দর্যবর্ধন এবং পথচারীদের চলাচলের পরিবেশ উন্নত করার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


এর আগে ওই দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। নতুন তিনটি ছবি যুক্ত হওয়ায় দেয়ালজুড়ে বরেণ্য ব্যক্তিদের উপস্থিতি আরও বিস্তৃত হলো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার জানিয়েছেন, এটি সৌন্দর্যবর্ধনের পরিকল্পনারই অংশ। ভবিষ্যতে আরও গুণী মানুষের প্রতিকৃতি যুক্ত করা হবে। এ জন্য কয়েকটি দেয়ালও চূড়ান্ত করা হয়েছে, যেখানে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।


সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে অন্য প্রতিকৃতি আঁকার বিষয়ে তিনি বলেন, দেয়ালে থাকা ব্যক্তিদের সঙ্গে সঞ্জীব চৌধুরীর সময়ের ব্যবধান রয়েছে। তবে তরুণ প্রজন্মের শিল্পী ও সংগীতশিল্পীদের নিয়েও সিটি করপোরেশনের পরিকল্পনা আছে। আইয়ুব বাচ্চু ও আজম খানের মতো শিল্পীদের প্রতিকৃতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আঁকার বিষয়েও ভাবা হচ্ছে। শুধু দেয়ালে ছবি আঁকাই নয়, ফুটপাতটির পরিবেশ উন্নত করতেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। পথচারীদের সুবিধার জন্য বসানো হয়েছে ডাস্টবিন ও বেঞ্চ। সংস্কার করা হয়েছে সীমানাপ্রাচীরও। আগে ফুটপাতের একটি অংশ দখলে থাকলেও সেটি দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।


গত ৫ অক্টোবর ফুটপাতটির সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে হকারদের বসতে দেওয়া হবে না। তবে হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে তাঁদের জন্য বিকল্প জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে। ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এ ক্ষেত্রে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯