দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। তাঁর নতুন রোমান্টিক কমেডি

ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৫ সময় , আপডেট সময় : ১৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৫ সময়

দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। তাঁর নতুন রোমান্টিক কমেডি সিনেমা ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল আগ্রহ। কিন্তু ভারতে থাকার অনুমতি নিয়ে আইনি জটিলতায় এবার অনিশ্চয়তার মুখে পড়েছে তাঁর বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ পাওয়ার পর তাঁর নতুন সিনেমার মুক্তি পিছিয়ে যেতে পারে বলে খবর সামনে এসেছে।


ইমরান খানের নতুন সিনেমার নাম ‘অধুরে হম অধুরে তুম’। নেটফ্লিক্সের এই রোমান্টিক কমেডি সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন ভূমি পেডনেকর ও গুরফতেহ পিরজাদা। সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর মুক্তির কথা ছিল। তবে অভিনেতার বর্তমান আইনি পরিস্থিতির কারণে সিনেমাটির প্রচারণা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতিবেদন অনুযায়ী, দীপাবলির পর সিনেমাটির প্রচারণামূলক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে। ফলে নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।


ইমরান খানের এই পরিস্থিতির সূত্রপাত গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে অনুষ্ঠিত একটি বিক্ষোভকে কেন্দ্র করে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন অভিনেতা। এরপর অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৫ অক্টোবর মুম্বাই পুলিশ ও বিদেশি নাগরিক আঞ্চলিক নিবন্ধন কার্যালয়ের পক্ষ থেকে তাঁকে নোটিশ দেওয়া হয়। নোটিশে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইমরান খান মার্কিন নাগরিক এবং তাঁর কাছে ভারতের বিদেশি নাগরিকত্ব কার্ড রয়েছে। এই নির্দেশের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফলে তাঁর ভারতে অবস্থান এবং সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।


উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাট্টি বাট্টি’ সিনেমার পর দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে ছিলেন ইমরান খান। প্রায় এক দশক পর তাঁর প্রত্যাবর্তনের সিনেমা হিসেবে ‘অধুরে হম অধুরে তুম’ নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু মুক্তির আগেই আইনি জটিলতা নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আদালতের লড়াইয়ে ইমরান খান কী সিদ্ধান্ত পান এবং নির্ধারিত ১৮ ডিসেম্বরেই তাঁর নতুন সিনেমা মুক্তি পায় কি না। আপাতত অভিনেতার আইনি পরিস্থিতি ও সিনেমাটির মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার দিকেই নজর থাকছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯