লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে ফুটবল বিশ্বকে চমকে দিলেন ইংল্যান্ডের তারকা

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৪ সময়

লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে ফুটবল বিশ্বকে চমকে দিলেন ইংল্যান্ডের তারকা হ্যারি কেইন। দীর্ঘ ২৫ বছর পর আবারও কোনো ইংলিশ ফুটবলারের হাতে উঠল পুরুষদের ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার। অন্যদিকে, নারীদের বিভাগে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো সেরার মুকুট জিতেছেন স্পেনের তারকা আলেক্সিয়া পুতেয়াস। তবে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুধু এই দুই তারকার অর্জনই নয়, আরও বেশ কয়েকটি বিভাগে এসেছে চমকপ্রদ স্বীকৃতি।


সোমবার, ২৬ অক্টোবর স্থানীয় সময় রাতে লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের জন্য এটি ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। তাঁর এই সাফল্যের মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল ইংল্যান্ডের পুরুষ ফুটবলে। পুরুষদের বিভাগে দ্বিতীয় স্থান পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় হয়েছেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। চতুর্থ স্থানে রয়েছেন রদ্রি, আর পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।


মূল পুরস্কার জিততে না পারলেও খালি হাতে ফিরতে হয়নি ইয়ামালকে। টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-২১ বয়সী সেরা ফুটবলারের স্বীকৃতি হিসেবে কোপা ট্রফি জিতেছেন স্পেনের এই তরুণ। ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি গোল করার পাশাপাশি ১৭টি গোলে সহায়তা করেছেন তিনি। বার্সেলোনার লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পথেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই তরুণ তারকা। পুরুষদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে। তাঁর অধীনেই বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁর হাতে উঠেছে এই পুরস্কার। অন্যদিকে, স্পেনের রক্ষণভাগে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন গোলরক্ষক উনাই সিমন। পুরুষদের সেরা গোলরক্ষকের ইয়াশিন ট্রফি জিতেছেন তিনি। বিশ্বকাপে স্পেনের আট ম্যাচে মাত্র একটি গোল হজম করেছিলেন এই গোলরক্ষক।


নারীদের বিভাগেও ছিল দারুণ সব অর্জন। তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতে নতুন ইতিহাস গড়েছেন আলেক্সিয়া পুতেয়াস। এর আগে ২০২১ ও ২০২২ সালে টানা দুইবার এই পুরস্কার জিতেছিলেন স্পেনের এই তারকা। এবার আরও একবার সেরার স্বীকৃতি পেয়ে নিজের অবস্থানকে শক্তিশালী করলেন তিনি। নারীদের বর্ষসেরা কোচ হয়েছেন বার্সেলোনার পেরে রোমেউ। তাঁর অধীনে লিগের ৩০ ম্যাচের মধ্যে ২৯টিতে জয় পেয়েছে দলটি। পুরো মৌসুমে বার্সেলোনার গোল ব্যবধান ছিল ১২১। নারী গোলরক্ষকদের মধ্যে সেরা হয়েছেন একই দলের কাতা কোল। লিগে ১৭ ম্যাচে মাত্র ছয়টি গোল হজম করার পাশাপাশি ১১টি ম্যাচে গোলবার অক্ষত রেখেছেন তিনি।


ক্লাব পর্যায়েও আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। নারীদের বিভাগে বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে স্পেনের এই শক্তিশালী দল। পুরুষদের বিভাগে সেরা ক্লাব নির্বাচিত হয়েছে প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পর এই স্বীকৃতি পেয়েছে ফরাসি ক্লাবটি। এদিকে, পুরুষদের গার্ড মুলার ট্রফিও জিতেছেন হ্যারি কেইন। অর্থাৎ ব্যালন ডি’অরের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পুরস্কারও নিজের ঝুলিতে ভরেছেন তিনি। নারীদের বিভাগে এই ট্রফি জিতে ইতিহাস গড়েছেন মেক্সিকো ও পাচুকার স্ট্রাইকার চার্লিন কোরাল। এই পুরস্কার জেতা প্রথম মেক্সিকান নারী ফুটবলার হয়েছেন তিনি।


সব মিলিয়ে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে হ্যারি কেইনের প্রথমবারের সাফল্য, আলেক্সিয়া পুতেয়াসের তৃতীয়বারের শ্রেষ্ঠত্ব এবং বার্সেলোনার একাধিক পুরস্কার জয় ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই স্বীকৃতির পর আগামী মৌসুমে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারেন তারকারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯