ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি হোটেলে গুলিবর্ষণের ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন হোটেল মালিক, তাঁর ছেলে, পুত্রবধূ এবং পরিবারের আরও দুই সদস্য। সম্পত্তি ও ইজারা চুক্তি নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। ঘটনায় গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার, ২৭ অক্টোবর গুয়াহাটির উলুবাড়ি এলাকার হোটেল বিলাস ইন-এ এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, হোটেলের ইজারাদার ঘনকান্ত গোগোই নিজেই গুলি চালিয়ে হামলা করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতরা হলেন হোটেলটির মালিক হেলেনা ভরালী, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, দেবর্ষির স্ত্রী রিনিকি কাশ্যপ, পরিবারের আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভরালী। এ ঘটনায় গুলিবিদ্ধ সত্যেন্দ্র পাঠক নামের আরেক আত্মীয় গুরুতর আহত হয়েছেন। তাঁকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসাম পুলিশের কমিশনার পার্থ সারথি মহন্ত জানান, হামলায় মোট ছয়জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে পাঁচজন মারা গেছেন এবং একজন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে পয়েন্ট ৩২ বোরের একটি লাইসেন্সকৃত পিস্তল জব্দ করা হয়েছে। হামলার উদ্দেশ্য এবং ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হোটেলের ইজারা চুক্তি এবং সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। নিহত প্রত্যেকেই হোটেল মালিকের পরিবারের সদস্য অথবা তাঁর ঘনিষ্ঠজন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এই হত্যাকাণ্ডের পর গুয়াহাটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি ও জোরহাটের সাংসদ গৌরব গোগোই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। গৌরব গোগোইয়ের বক্তব্য, গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ শহরে এমন প্রাণঘাতী হামলা জননিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। তিনি আসামের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। হোটেলের ইজারা নিয়ে বিরোধ কীভাবে পাঁচটি প্রাণ কেড়ে নিল, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার পেছনের সব কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
সূত্র: এনডিটিভি