বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুরের সফিপুরে ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ চালু করা হয়েছে। একই সঙ্গে বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর হাতে রিক্রুটিং লাইসেন্স তুলে দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে ‘প্রান্তিক ট্রাভেলস’ এবং ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেমেরও উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ষষ্ঠ প্রজন্মের (৬জি) ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎনির্ভর পরিবেশবান্ধব জ্বালানি প্রশিক্ষণ ব্যবস্থা এবং ভ্রাম্যমাণ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ বাস ঘুরে দেখেন। এ ছাড়া কুটিরশিল্প, জাপানি ভাষা, আতিথেয়তা ও রন্ধনশিল্প প্রশিক্ষণ কেন্দ্র এবং ভাষা পরীক্ষাগারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। প্রশিক্ষণের জন্য গড়ে তোলা আধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের জীবনযাত্রার মান উন্নয়নে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরকে ঘিরে প্রায় দুই লাখ কর্মসংস্থানের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে চলা জরুরি। এ ক্ষেত্রে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সঙ্গে আনসার-ভিডিপির তৃণমূল পর্যায়ের নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন মহাপরিচালক।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর সরকারের বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক শক্তি লিমিটেড’ রিক্রুটিং লাইসেন্স পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর হবে।
মন্ত্রী জানান, আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো বিএমইটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে বিদেশে যেতে আগ্রহী কর্মীদের দক্ষতা আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে বৈধ অভিবাসন নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে আভি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে সমঝোতা চুক্তিতে যুক্ত তিনটি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভার্চ্যুয়ালি অংশ নেন। তাঁরা আনসার-ভিডিপির সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রীকে আনসার ও ভিডিপির পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে অতিথিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।