বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকার একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। এর আগে একই দিন তাহসিফের বাবা গণমাধ্যমকে জানান, দ্বীপ নামের তার এক বন্ধু বাসায় এসে তাহসিফকে বাইরে ডেকে নিয়ে যান। এ সময় মাকে তিনি বলেছিলেন, বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলে ফিরে আসবেন। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তাহসিফ। পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, তাহসিফের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে দ্বীপকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনার আগে তাহসিফ ও দ্বীপ একসঙ্গে ছিলেন বলে কিছু তথ্য পাওয়া গেছে। তারা কোথায় গিয়েছিলেন এবং কী কী করেছিলেন, সেসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও তাহসিফ প্রকাশ করেছিলেন—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন তিনি। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।