অপেক্ষার অবসান হচ্ছে আজ। উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার, ৩১ অক্টোবর। সকাল থেকেই ফলের অপেক্ষায় রয়েছেন দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবক। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানটির উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল পাওয়া যাবে।
শিক্ষার্থীরা অনলাইনে দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd। সেখানে ‘রেজাল্ট’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এ জন্য ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। বার্তার শুরুতে ইংরেজিতে এইচএসসি লিখে একটি ফাঁকা জায়গা, এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখতে হবে। উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে লিখতে হবে—এইচএসসি, ডিএইচএ, ১২৩৪৫৬, ২০২৬। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না। এদিকে, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।