আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন

আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, বিকাল ৬:৪ সময় , আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৬, বিকাল ৬:৪ সময়

আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে সরকার গঠন করা যায় না; সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন।


শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভালো কাজ করলে জনগণ তার সুফল ভোগ করবে। আর সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমেই জনগণ তাদের সিদ্ধান্ত জানাবে। তাই দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি।


জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন ও কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু নিজেদের মধ্যে বিরোধ ও সংঘাত তৈরি হলে অন্যরা সেই সুযোগ নিতে পারে। দেশের উন্নয়নের স্বার্থে পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের জ্বালানি সংকট নিয়েও বক্তব্য দেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছু মানুষ কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে চাপে ফেলার পাশাপাশি দেশের ২০ কোটি মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়।


ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলের সম্ভাবনা কাজে লাগাতে হবে। এ সময় ডিপ্লোমা প্রকৌশলীদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি। সম্মেলনে আইডিইবির নেতৃবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯