অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর আজিমপুর সড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, নিজ কার্যালয়ে অবরুদ্ধ অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে মুক্ত করতে বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাতে পুলিশের সহায়তায় তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থীদের ক্ষোভের পেছনে রয়েছে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিলের জন্য ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি। এসব বিষয়কে কেন্দ্র করেই তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন।