মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জরিমানার অর্থ পরিশোধ করেছে তার রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও)।

নাজিব রাজাকের জরিমানার অর্থ পরিশোধ করল ইউএমএনও, গৃহবন্দির পথে সাবেক প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪ সময় , আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪ সময়

মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জরিমানার অর্থ পরিশোধ করেছে তার রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও)। শুক্রবার দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জরিমানার অর্থ জমা দেওয়ায় রাজকীয় ক্ষমার শর্ত পূরণ হয়েছে। ফলে নাজিবের অবশিষ্ট কারাদণ্ড গৃহবন্দি অবস্থায় কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নাজিব। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) থেকে বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতির অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন নাজিব।

২০২৪ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজা তাকে বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করার অনুমতি দেন। তবে এ সুবিধা পেতে ৫০ কোটি রিঙ্গিত বা প্রায় ১ কোটি ২৩ লাখ ডলার জরিমানা পরিশোধের শর্ত দেওয়া হয়েছিল।

শুক্রবার ইউএমএনও জানায়, তহবিল সংগ্রহের মাধ্যমে জরিমানার অর্থের ব্যবস্থা করা হয়েছে। একই দিন সকালে কুয়ালালামপুর হাইকোর্টে ওই অর্থ জমা দেওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। তবে নাজিবকে ঠিক কবে কারাগার থেকে তার বাসভবনে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ১এমডিবি কেলেঙ্কারির মাধ্যমে প্রায় ৪৫০ কোটি ডলার আত্মসাৎ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, এর মধ্যে ১০০ কোটিরও বেশি ডলার নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়েছিল। তবে নাজিবের দাবি, আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে থাকা জটিল এই অর্থ আত্মসাতের ঘটনায় তাকে অন্যায়ভাবে দায়ী করে বলির পাঁঠা বানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯