গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু নামের হত্যা মামলার এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার।
রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। সিনিয়র জেল সুপার জানান, বৃহস্পতিবার বিকেলে শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দেন রাজু। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। এরপর দ্রুত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রাজুর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।