রংপুরের বেশ কয়েকটি এলাকায় সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি—নেসকো।
নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি ফিডারের আওতাধীন বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড়, হাজির খামার, মুলাটোল থানা, লাইন্স স্কুলসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই সময়ে ১১ কেভি জুম্মাপাড়া ফিডারের আওতাধীন জাহাজ কোম্পানি, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস, ইন্দ্ররা মোড়, পুলিশ ফাঁড়ি, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ এবং আইসক্রিম কারখানা সংলগ্ন এলাকায়ও বিদ্যুৎ থাকবে না।
নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাই সোমবারের বিদ্যুৎ বিভ্রাটের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।