মাত্র এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরব থেকে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়

মাত্র এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরব থেকে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করেছে কর্তৃপক্ষ। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সৌদি সরকারের চলমান কঠোর অভিযানের মধ্যেই সামনে এসেছে এই তথ্য।


রোববার ৮ নভেম্বর সৌদি সংবাদ সংস্থার প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়। কর্তৃপক্ষের হিসাবে, শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আবাসন আইন ভঙ্গের ঘটনা। এর সংখ্যা ৬ হাজার ৪৩টি। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ৩ হাজার ১৯১টি এবং শ্রম আইন ভঙ্গের ২ হাজার ৩৫৩টি ঘটনা শনাক্ত করা হয়েছে।


অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৬৭৮ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৮ জনকে। এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।


সৌদি আরবে বর্তমানে মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৮১৩ জন এবং নারী ২ হাজার ২৯৩ জন। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যদিকে ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি আরব ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।


অবৈধ অভিবাসন ঠেকাতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও কঠোর সতর্কবার্তা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, অবৈধ অভিবাসীদের পরিবহন বা আশ্রয় দিলে কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯