ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরাসরি বক্তব্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে বাধা দেওয়ার কেউ নেই। বরং তাঁর দেশে থেকেই আইনের মুখোমুখি হওয়া উচিত ছিল। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডেরবাজার এলাকায় আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
শেখ রবিউল আলম বলেন, পলাতক আসামিদের দেশে ফেরার হুংকারকে বিশেষ কোনো গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। এটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ও নয়। বরং যাঁরা পলাতক এবং যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাঁদের দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া উচিত। তাঁদের বিরুদ্ধে থাকা সাজা ও অভিযোগ আইনিভাবে মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং বর্তমানে পলাতক আসামি হিসেবে রয়েছেন, তাঁদের দেশে ফিরে আসাই আইনের দাবি। তাঁরা আইনের ঊর্ধ্বে নন।
বিগত সরকারের শাসনামলের প্রসঙ্গ তুলে সেতুমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ওই সরকারের ১৭ বছরের শাসনকালে দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন, গণহত্যা ও ক্ষমতার অপব্যবহারের মতো ঘটনা ঘটেছে। এসব অভিযোগের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিচারের মুখোমুখি হচ্ছেন। মন্ত্রী জানান, ইতিমধ্যে বেশ কয়েকটি মামলার রায় হয়েছে। আবার কিছু মামলা এখনো আদালতে বিচারাধীন। গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মুখে যাঁরা দেশ ছেড়েছেন, তাঁদেরও আইনি প্রক্রিয়ার বাইরে থাকার সুযোগ নেই।
মুন্সিগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়নের আশ্বাস এদিকে মুন্সিগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, জেলার তিনটি সংসদীয় আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করেছেন ভোটাররা। তাই সরকারের কাছে মুন্সিগঞ্জের বিশেষ গুরুত্ব রয়েছে। জেলার অবকাঠামোগত উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিক।
তিনি বলেন, দেশের সড়ক অবকাঠামো নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন উপজেলা পর্যায়ের সড়কগুলো ১৮ ফুট প্রশস্ত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। জাতীয় মহাসড়কের দুই পাশে সার্ভিস লেন রাখার পরিকল্পনাও রয়েছে। মুন্সিগঞ্জে সড়ক, সেতু, রেল ও নৌপরিবহন খাতের যেসব উন্নয়ন প্রকল্প রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, এটি তারেক রহমান সরকারের অঙ্গীকার।
সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। এতে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদ এবং মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এর আগে বিকেলে মুক্তারপুর-ছনবাড়ি সড়কের কুন্ডেরবাজার এলাকায় তালতলা-ডহুরী খালের ওপর নির্মাণাধীন কুন্ডেরবাজার সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেতুমন্ত্রী। এ সময় সেতুর দুই প্রান্তে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।