জীবিকা ও ক্ষুদ্র পুঁজি সুরক্ষাসহ ১২ দফা দাবিতে রাজধানীর পুরাতন পল্টন মোড় অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকেরা। তাঁদের কর্মসূচির কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে সড়ক অবরোধ করে সমাবেশ শুরু করেন শ্রমিকেরা। এ সময় আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টায়ও অবরোধ কর্মসূচি চলছিল। শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদান এবং চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ।
সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও বৈধ কাগজপত্র দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি নিবন্ধন ও নবায়ন ফি কমিয়ে সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স পাওয়ার জন্য অন্তত দুই বছর সময় দেওয়ার আহ্বান জানান তাঁরা। শ্রমিকেরা আরও দাবি করেন, তাঁদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক বিদ্যুতের মিটার সংযোগ বন্ধ করা এবং আগে বিচ্ছিন্ন করা সংযোগ পুনরায় চালু করতে হবে। নীতিমালা সংশোধন ও বাস্তবায়নের জন্য শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের দাবিও তোলেন তাঁরা।
এ ছাড়া সড়কে লেন পদ্ধতি চালু, রিকশা, সিএনজি ও মোটরবাইকের জন্য পৃথক স্ট্যান্ড এবং চার্জিং স্টেশন নির্মাণের দাবি রয়েছে। ব্যাটারিচালিত যানবাহনসংক্রান্ত সব রিট ও ফৌজদারি মামলা এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান আন্দোলনকারীরা। সমাবেশ থেকে শ্রমিকদের জীবিকা সুরক্ষায় আইন প্রণয়ন, ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও স্বল্প দূরত্বের বাহন হিসেবে স্বীকৃতি এবং নতুন শর্তে চালকদের ট্রেড লাইসেন্স দেওয়ার দাবিও জানানো হয়।
আর্থিক সুবিধার বিষয়ে শ্রমিকদের দাবি, সরকারি ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক লাখ টাকা ঋণ দিতে হবে। পাশাপাশি রেশন ব্যবস্থা চালু এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমাতে হবে। শ্রমিকদের শেষ দাবিতে দেশের অর্থনৈতিক ও মানবিক বাস্তবতা বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনে বিনিয়োগ করা পুঁজি সুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে পর্যায়ক্রমে মানুষকে পেশিশ্রমের অমানবিক বোঝা থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।