জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। তবে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে এ বিষয়ে একটি ই-মেইল পাওয়ার কথা স্বীকার করেছে হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে এই অনুরোধটি আদৌ সঠিক কি না, সে বিষয়ে নিশ্চিত নয় হাইকমিশন। এমনকি অনুরোধটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা বোঝারও কোনো উপায় নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা সম্মতিসংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। তবে বিষয়টি সংশ্লিষ্টভাবে বিবেচনার জন্য ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন।