ভর্তি পরীক্ষার ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এ অনুরোধ জানানো হয়েছে। তবে ইউজিসির এই আহ্বানে সাড়া দিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের ফলে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। কারণ, ঢাবিতে ভর্তির আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ নভেম্বর। অন্যদিকে সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা ১ ডিসেম্বর। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। উদ্দেশ্য, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পান। গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন করোনার কারণে বিশ্ববিদ্যালয়টি সেশনজটের মুখে পড়েছিল। এখন ভর্তি কার্যক্রম দুই থেকে তিন মাস পিছিয়ে গেলে আবারও সেশনজট তৈরির আশঙ্কা রয়েছে। এ কারণে সোমবার সাধারণ ভর্তি কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। তিনি জানান, সভায় সর্বসম্মতিক্রমে আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সে অনুযায়ী ২৫ নভেম্বর আবেদন গ্রহণের শেষ দিন এবং ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। তবে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, ২৩ নভেম্বর ফল প্রকাশের পর তাঁরা আবেদনের সুযোগ পাবেন। উল্লেখ্য, পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের কার্যক্রম প্রতিবছরই হয়ে থাকে। তবে সম্পূরক পরীক্ষা এ বছরই প্রথম চালু করা হচ্ছে। এদিকে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন চলতি নভেম্বরেই শেষ হওয়ার কথা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এ মাসে আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এ ছাড়া এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এরই মধ্যে ভর্তি কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে।
এই পরিস্থিতিতে সোমবার ইউজিসিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অথবা তাঁদের প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করা হবে। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখতে উপাচার্যদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তবে ইউজিসির এ আহ্বানের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের পূর্বনির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে।