দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা, আজই দেশ ছাড়বেন শান্ত-লিটনরা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৫ সময় , আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৫ সময়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন। প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন পর দলে ফিরেছেন নাঈম শেখ ও মুমিনুল হক। তবে চোটের কারণে বাদ পড়েছেন সাদমান ইসলাম। আর সবশেষ টেস্ট দল থেকে জায়গা হারিয়েছেন নাঈম হাসান।


সিলেট টেস্ট চলাকালেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করে নির্বাচকরা। ঘরের মাঠের সিরিজ শেষ করেই নতুন চ্যালেঞ্জের জন্য দেশ ছাড়ছেন ক্রিকেটাররা। মঙ্গলবার প্রথম বহরে খেলোয়াড় ও কোচিং স্টাফসহ ১৫ সদস্য দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন। বাকি সদস্যরা বুধবার দেশ ছাড়বেন। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে। দুই দল সবশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুখোমুখি হয়েছিল। সেবার দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।


দক্ষিণ আফ্রিকার পেসসহায়ক কন্ডিশন বিবেচনায় এবার পাঁচজন পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। প্রয়োজনে একাদশে চার কিংবা পাঁচজন পেসার খেলানোর পরিকল্পনাও রয়েছে নির্বাচকদের। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে পেসারদের বেশি গুরুত্ব দেওয়া হবে। অন্তত তিনজন পেসার খেলানোর পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী চারজন পেসারও একাদশে থাকতে পারেন। সেখানে দুইজন স্পিনারই যথেষ্ট হতে পারে বলে মনে করছেন তিনি।


এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই টেস্টের সিরিজ হেরে ফাইনালে খেলার সম্ভাবনা থেকে অনেকটাই ছিটকে গেছে দলটি। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের একসঙ্গে ফর্ম হারানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচক।


প্রথমবার দলে সুযোগ পাওয়া মাহফিজুল ইসলাম রবিনকে নিয়ে আশাবাদী নির্বাচকরা। তাঁদের মতে, একজন ডানহাতি ওপেনারের প্রয়োজন থেকেই রবিনকে বিবেচনায় নেওয়া হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেট ও বাংলাদেশ 'এ' দলের হয়ে তাঁর পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে।


দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের ১৬ সদস্যের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯