রাজধানীর ফুটপাত কি অবশেষে পথচারীদের দখলে ফিরছে? দীর্ঘদিন ধরে দোকানপাট, খাবারের স্টল ও অস্থায়ী বাজারের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়া বিভিন্ন ফুটপাত এখন দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে দুই সিটি করপোরেশন। বিশেষ করে মিরপুরের বেশ কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযানের পর বদলে গেছে চেনা দৃশ্য। তবে দক্ষিণ সিটির কিছু এলাকায় পরিবর্তন এলেও গুলিস্তানে এখনো হকারদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ হয়নি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন মিরপুরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের পাশের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট ও হকারদের সরিয়ে দিয়েছে। মিরপুর-১-এর শাহ আলী মার্কেট, সনি সিনেমা হলের মোড়, মুক্তবাংলা মার্কেট, পাইকপাড়া ও বাঙলা কলেজ এলাকা থেকে শুরু করে মিরপুর-২-এর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন এলাকা এবং মিরপুর-১০ গোলচত্বর পর্যন্ত ফুটপাত এখন অনেকটাই দখলমুক্ত।
এ ছাড়া মিরপুর-১০ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের ফুটপাত, ফলপট্টি, শাহ আলী প্লাজা, আনোয়ার ম্যানশন, কাজীপাড়া, পর্বতা, শেওড়াপাড়া ও হারমান মেইনার স্কুলের সামনের পথও পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এসব এলাকায় আগের মতো দোকানের ভিড় ও হকারদের হাঁকডাক নেই। ফলে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও নতুন করে গাছ লাগিয়ে ফুটপাতের জায়গা দখল ঠেকানোর ব্যবস্থাও করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ফুটপাতে আর হকারদের বসতে দেওয়া হবে না। তাঁর ভাষ্য, অবৈধ দখলদার ও কিছু চক্রের কারণে সাধারণ মানুষ ফুটপাত ব্যবহারের সুযোগ হারিয়েছিল। নগরবাসীর চলাচলের অধিকার ফিরিয়ে দিতেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নগরীর সৌন্দর্য বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মতিঝিল, নিউমার্কেট, মৎস্য ভবন ও সেগুনবাগিচাসহ কয়েকটি এলাকায় অবৈধ স্থাপনা সরানো হয়েছে। নীলক্ষেত মোড় থেকে নিউমার্কেটের এক নম্বর ফটক হয়ে চার নম্বর ফটক পর্যন্ত সড়ক ও ফুটপাত এবং প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করা হয়েছে। উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে সেখানে ফুল ও সৌন্দর্যবর্ধক গাছের টব বসানো হয়েছে। তবে গুলিস্তানে এখনো হকারদের বসতে দেখা যাচ্ছে। উচ্ছেদের পরও তারা আবার ফিরে আসায় ওই এলাকায় অভিযান চালাতে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে দক্ষিণ সিটি করপোরেশনকে।
দক্ষিণ সিটির তথ্য অনুযায়ী, নগরীর বিভিন্ন সড়ক, চত্বর, মাঠ, পার্ক, উদ্যান ও শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ লাখ ৩০ হাজার ১২০টি গাছ লাগানো হয়েছে। পাশাপাশি নতুন ময়লার ঝুড়ি, পথচারীদের বসার বেঞ্চ এবং সীমানাপ্রাচীর সংস্কারের কাজ করা হয়েছে। ফুটপাতের দেয়ালে দেশের ১০ জন বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিব্যক্তিত্বের প্রতিকৃতিও আঁকা হয়েছে। দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, পথচারীবান্ধব ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, অবৈধভাবে ফুটপাত বা সড়ক দখলের কোনো সুযোগ নেই। বারবার দখল করা হলে অভিযান চালানোর পাশাপাশি মালামাল জব্দ, আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।