বিতাড়িত ফ্যাসিবাদকে আবারও ফিরিয়ে আনার কোনো ষড়যন্ত্র বা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করার শক্তি ও

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময় , আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়

বিতাড়িত ফ্যাসিবাদকে আবারও ফিরিয়ে আনার কোনো ষড়যন্ত্র বা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করার শক্তি ও সামর্থ্য চেয়ে জাতীয় সংসদে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ ও সরকারকে যথাযথভাবে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।


সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। অধিবেশনে প্রয়াত সাবেক সংসদ সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তির স্মরণে শোকপ্রস্তাব গ্রহণের পর দোয়া পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। মোনাজাতে শামীম কায়সার লিংকন বলেন, ফ্যাসিবাদ বিতাড়িত করার সুযোগ দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন তাঁরা। ভবিষ্যতে কেউ যেন আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় শক্তি ও সাহস কামনা করেন তিনি। পাশাপাশি রাষ্ট্র ও সংসদ নিয়ে জনগণের প্রত্যাশার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা প্রতিহত করার সামর্থ্য চেয়েও প্রার্থনা করেন।


শোকপ্রস্তাবে যেসব সাবেক সংসদ সদস্য, গণপরিষদ সদস্য ও প্রয়াত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রতিমন্ত্রী। জীবদ্দশায় তাঁদের জানা-অজানা ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে মহান আল্লাহ যেন অসীম রহমতে তাঁদের পুরস্কৃত করেন, সেই প্রার্থনাও জানান তিনি। মোনাজাতে দেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে ১৯৭৫ সালের নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব-পরবর্তী জাতীয় সংহতি দিবসের কথা স্মরণ করেন শামীম কায়সার লিংকন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের প্রতি তৎকালীন জনগণের আস্থার কথা উল্লেখ করেন। একই সঙ্গে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।


প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথাও স্মরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী। বহুদলীয় গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকারের কথা উল্লেখ করে পরকালেও তাঁর সর্বোচ্চ মর্যাদা ও শান্তি কামনা করেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের উদ্যোগ সফল করার জন্য দোয়া করেন প্রতিমন্ত্রী। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও নীতির আলোকে দেশ পরিচালনার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তা বাস্তবায়নে তাঁকে আরও দৃঢ়তা, নিষ্ঠা ও সক্ষমতা দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯