আওয়ামী লীগ সরকারের আমলে পরিচালিত ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পে বিপুল অর্থ ব্যয় এবং দলীয় বিবেচনায় বরাদ্দ দেওয়ার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন উঠেছে। তবে প্রকল্পটি পল্লি সঞ্চয় ব্যাংকে রূপান্তর করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করায় এসব অভিযোগ তদন্তের এখতিয়ার বর্তমানে তাদের বিভাগের নেই বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে লিখিত উত্তর উপস্থাপন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সদস্য তাঁর প্রশ্নে জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পে মোট কত টাকা ব্যয় করা হয়েছে এবং প্রকল্পে বেশির ভাগ ক্ষেত্রে দলীয় পরিচয়ের ভিত্তিতে বরাদ্দ দেওয়ার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কি না।
জবাবে প্রতিমন্ত্রী জানান, ‘আমার বাড়ি, আমার খামার’ নামে পরিচিত প্রকল্পটি ২০০৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হয়। দেশের সাতটি বিভাগের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলায় পরিচালিত ১২ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল ৭৮ হাজার ৮৫২ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা। নির্ধারিত সময় অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন প্রকল্পটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়। লিখিত জবাবে আরও বলা হয়, প্রকল্পটির মূল কার্যক্রম স্থায়ীভাবে চালু রাখার উদ্দেশ্যে পরবর্তী সময়ে এটিকে পল্লি সঞ্চয় ব্যাংকে রূপান্তর করা হয়। ২০২১ সালের ১ জুলাই থেকে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ব্যাংকটির পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম ওই বিভাগ থেকেই পরিচালিত হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, পল্লি সঞ্চয় ব্যাংকের পরিচালনা কিংবা প্রশাসনিক কর্মকাণ্ড বর্তমানে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন নয়। এ কারণে প্রকল্প বা ব্যাংককে ঘিরে ওঠা অনিয়ম এবং দলীয় বিবেচনায় বরাদ্দ দেওয়ার অভিযোগ তদন্ত করার আইনগত এখতিয়ার তাদের বিভাগের নেই বলে প্রতীয়মান হয়। ফলে সংসদে প্রকল্পটির ব্যয় ও বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, অভিযোগগুলো খতিয়ে দেখার দায়িত্ব এখন তাদের বিভাগের হাতে নেই।