মন্ত্রিসভায় অনুমোদনের প্রায় চার মাস পর সংসদে বিল উত্থাপনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আইনসভাকে যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নির্বাহী বিভাগ যেন আইনসভাকে অবজ্ঞা না করে, বরং আরও শক্তিশালী করে। ভবিষ্যতে এ ধরনের বিলম্বের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপনের সময় এ নিয়ে কথা বলেন ডেপুটি স্পিকার। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি সংসদে উপস্থাপন করেন। এ সময় ডেপুটি স্পিকার জানান, বিলটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। অথচ সংসদে পৌঁছাতে প্রায় চার মাস সময় লেগেছে। কায়সার কামাল বলেন, নির্বাহী বিভাগের পক্ষ থেকে বিলটি এত দেরিতে পাঠানো হয়েছে যে, সেটি উত্থাপনের অনুমতি দিতে তাঁকে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্ধারিত সময়ের ছাড় দিতে হয়েছে। তাঁর মতে, যথেষ্ট সময় থাকা সত্ত্বেও সময়মতো বিল সংসদে পাঠানো হয় না। ফলে সংসদ সদস্যরা বিলটি আগেভাগে পর্যালোচনা করার প্রয়োজনীয় সুযোগ পান না।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সরকারি বিল উত্থাপনের অন্তত সাত দিন আগে নোটিশ দিতে হয়। আর বেসরকারি বিলের ক্ষেত্রে প্রয়োজন হয় ১৫ দিনের নোটিশ। তবে বিশেষ পরিস্থিতিতে স্পিকার সময়সীমা শিথিল করতে পারেন। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি গত ৪ নভেম্বর সংসদে পৌঁছায়। ডেপুটি স্পিকার মন্ত্রীর উদ্দেশে বলেন, মন্ত্রিসভায় অনুমোদনের পর একটি বিল সংসদে পাঠাতে তিন থেকে চার মাস লাগার কথা নয়। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আইনসভাকে উপেক্ষা না করে আরও ক্ষমতায়িত করার ওপর গুরুত্ব দেন।
পরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন। এরপর তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিলটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বিলটি পাস হলে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করবে। বগুড়া সিটি করপোরেশন এলাকা এবং সরকার নির্ধারিত সংলগ্ন অঞ্চল এই কর্তৃপক্ষের আওতাভুক্ত হবে।
নতুন কর্তৃপক্ষের দায়িত্ব হবে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা তৈরি করা। পাশাপাশি ভূমি জরিপ, গবেষণা, তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের কাজও করবে প্রতিষ্ঠানটি। অপরিকল্পিত ও অপ্রশস্ত সড়ক এবং এলাকার ভূমি পুনঃউন্নয়ন ও পুনর্বিন্যাসের জন্য উন্নয়ন প্রকল্প নেওয়ার ক্ষমতাও থাকবে এর। বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী বগুড়া শহর ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণের জন্য এ কর্তৃপক্ষ গঠন প্রয়োজন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ দেশের বিদ্যমান চারটি উন্নয়ন কর্তৃপক্ষের আদলে বগুড়ার জন্যও পৃথক প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।