একটি বিয়ের ছবি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে স্বামীর পরিচয় প্রকাশ না করায়

‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়

একটি বিয়ের ছবি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে স্বামীর পরিচয় প্রকাশ না করায় তৈরি হয় নানা জল্পনা। অবশেষে সেই রহস্যের অবসান ঘটেছে। সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর স্বামী হিসেবে সামনে এসেছে স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূরের নাম। আর বিয়ে নিয়ে সমালোচনার মুখে এবার দীর্ঘ এক বক্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পারশা। এমনকি সমালোচকদের উদ্দেশে প্রশ্ন তুলেছেন, ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’


সম্প্রতি নিজের ফেসবুক পেজে বিয়ের ছবি প্রকাশ করেন পারশা। তবে ছবিতে স্বামীর মুখ ঢেকে রাখায় তার পরিচয় নিয়ে শুরু হয় আলোচনা। এরই মধ্যে গত ১০ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে পারশাকে বিয়ে করার কথা স্বীকার করেন আসাদ নূর। এরপর মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন পারশা। সেখানে বিয়ে, ধর্মীয় বিশ্বাস, পারিবারিক মূল্যবোধ এবং ব্যক্তিস্বাধীনতা নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।


পারশা স্পষ্ট করে জানান, বিয়ে কোনো নির্দিষ্ট ধর্মের একক প্রথা নয়। প্রাচীন সভ্যতা থেকেই সামাজিক ও আইনগতভাবে বিবাহের প্রচলন রয়েছে। তার কাছে বিয়ে কোনো বিলাসিতা নয়, বরং সামাজিক ও মানসিক প্রয়োজন। সন্তান লালন-পালনের প্রবল আগ্রহ থেকেই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। নিজের জীবনসঙ্গী হিসেবে আসাদকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পারশা জানান, তিনি সব সময় এমন একজন দায়িত্বশীল, যত্নবান ও স্নেহশীল মানুষ চেয়েছেন, যিনি একজন ভালো বাবা হতে পারবেন। আসাদের মধ্যে সেই গুণগুলো খুঁজে পেয়েছেন তিনি।


স্বামীর প্রশংসা করে পারশা লিখেছেন, বাবার পর আসাদের মতো যত্নবান, সাহসী, আন্তরিক ও দায়িত্বশীল পুরুষ তিনি আগে কখনো পাননি। আসাদের প্রতিটি কথা, নীরবতা, কাজ এবং পোষা প্রাণীদের প্রতি তার যত্নশীল আচরণ পারশাকে মুগ্ধ করেছে। ধর্মীয় বিশ্বাসের বিষয়ে পারশা বলেন, আসাদের অনেক বক্তব্যের সঙ্গে তিনি একমত নাও হতে পারেন। অন্যদেরও তার ধর্মীয় অবস্থান পছন্দ না হতে পারে। কিন্তু শুধু নাস্তিক কিংবা ধর্মহীন পরিচয়ের মধ্যে একজন মানুষকে সীমাবদ্ধ করে দেখা উচিত নয়। তাকে একজন মানুষ এবং তার জীবনসঙ্গী হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।


নিজের পরিবারের অবস্থান তুলে ধরে পারশা জানান, শুরুতে তার বাবা-মা এই বিয়েতে রাজি ছিলেন না। তারা নিজেদের উদ্বেগের কথা জানিয়েছিলেন। তবে ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী হওয়ায় শেষ পর্যন্ত তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। পারশা আরও জানান, তার বড় ভাই একজন ধর্মপ্রাণ মুসলিম। ইসলামের ওপর তার লেখা বই ও গবেষণা রয়েছে। ভাবিও নিকাব করেন এবং পরিবারের মধ্যে ধর্মীয় অনুশাসন মেনে চলার চর্চা রয়েছে। কিন্তু পরিবারের কেউ কখনো তার গানবাজনা কিংবা ব্যক্তিগত জীবনযাপন নিয়ে বাধা দেননি।


ধর্মীয় উগ্রতা ও নারীবিদ্বেষের বিরুদ্ধেও নিজের অবস্থান তুলে ধরেছেন এই শিল্পী। তার মতে, ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিল করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ওয়াজ মাহফিলের নামে নারীর পোশাক, শরীর ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের সমালোচনা করেছেন তিনি।


পারশার ভাষায়, ধর্মীয় মঞ্চ কোনো নারীর চরিত্রহননের আদালত হতে পারে না। একজন নারীর জীবন, শরীর ও সিদ্ধান্তের ওপর কর্তৃত্ব করার অধিকার একমাত্র তার নিজের। নিজের শিল্পীসত্তা নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। তিনি জানান, গানবাজনা, ছবি আঁকা ও অভিনয় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ধর্মের কিছু কঠোর ব্যাখ্যায় এসব বিষয়ে বিধিনিষেধ থাকলেও নিজের শিল্পীসত্তা বিসর্জন দিতে চান না তিনি। তবে ইসলামের কাছ থেকে পাওয়া সততা, সহমর্মিতা, দানশীলতা ও মানুষের উপকার করার শিক্ষাগুলো এখনো ধারণ করেন বলে জানিয়েছেন।


এদিকে স্বামী আসাদ নূরের অতীত জীবন নিয়েও বিস্তারিত লিখেছেন পারশা। তিনি জানান, দুজনের বেড়ে ওঠার পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা। পারশার পরিবারে শিক্ষা, সংস্কৃতি ও শিল্পচর্চার পরিবেশ থাকলেও আসাদের শৈশব কেটেছে তুলনামূলকভাবে ধর্মীয় অনুশাসনপূর্ণ পরিবেশে। পারশার বক্তব্য অনুযায়ী, আসাদের বাবা একজন উচ্চবিদ্যালয়ের শিক্ষক। দাদার ইচ্ছা পূরণ করতে তাকে মাদরাসায় ভর্তি করা হয়েছিল। পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেন আসাদ। ছোটবেলায় মক্তবে আজান দেওয়ার পাশাপাশি ওয়াজ মাহফিলে হামদ-নাতও পরিবেশন করতেন তিনি।


তবে মাদরাসায় পড়ার সময় আসাদ গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন পারশা। পরবর্তী সময়ে কৈশোরের একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মীয় বিধিনিষেধের মুখোমুখি হওয়ার পর তার মনে ধর্মীয় বিশ্বাস নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। দীর্ঘদিন পড়াশোনা ও অনুসন্ধানের পর একসময় তিনি ধর্মবিশ্বাস থেকে সরে আসেন বলে জানিয়েছেন পারশা। এ ছাড়া মুক্তচিন্তার লেখক ও ব্লগারদের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের সময় আসাদও বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন বলে উল্লেখ করেছেন তিনি। মাদরাসায় শিশু নির্যাতনের প্রতিবাদ করে লেখালেখির কারণে আসাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয় এবং দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয় বলে দাবি করেন পারশা। এসব ঘটনার পর পরিবারের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়। প্রায় ১০ বছর ধরে মায়ের সঙ্গে তার দেখা হয়নি বলেও জানিয়েছেন তিনি।


তবে পারশার দাবি, অতীতের অভিজ্ঞতার কারণে আসাদের ব্যক্তিত্বে প্রভাব পড়লেও বর্তমানে তিনি অনেকটাই বদলে গেছেন। নিজের ভুলত্রুটি নিয়ে ভাবছেন এবং নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছেন। তাই অতীতের পরিচয়ের ভিত্তিতে তাকে বিচার না করার আহ্বান জানিয়েছেন এই শিল্পী। সবশেষে নিজের দেশ, শেকড় ও সাংস্কৃতিক পরিচয় নিয়েও কথা বলেন পারশা। তার ভাষায়, বাংলাদেশ, এ দেশের মানুষ, নদী-নালা, পশুপাখি, গানবাজনা, ভাষা ও সংস্কৃতি তার অস্তিত্বের অংশ। কোনো ধর্মীয় পরিচয় কিংবা অন্য কারও অনুমতির ওপর দেশের সঙ্গে তার সম্পর্ক নির্ভর করে না।


ভাষা আন্দোলনের ইতিহাস টেনে তিনি আরও বলেন, নিজের শেকড় অস্বীকার করা যদি এতটাই সহজ হতো, তাহলে অনেকেই হয়তো বাংলা ভাষা ছেড়ে উর্দুতে কথা বলতেন। বিয়ের ছবি প্রকাশের পর স্বামীর পরিচয়, ধর্মীয় বিশ্বাস এবং ব্যক্তিগত জীবন নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল, পারশার দীর্ঘ বক্তব্যের পর তা নতুন মাত্রা পেয়েছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ও আসাদ নূরের সঙ্গে বিয়ের বিষয়টি নিয়েই চলছে আলোচনা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯