দ্বিতীয় সন্তান জন্মের মাত্র তিন দিন পরই থেমে গেল এক বাবার জীবন। চট্টগ্রামের হাসপাতালে সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে

ফেনীতে সন্তান জন্মের ৩ দিন পর ভবনের ছাদ থেকে পড়ে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৭ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৭ সময়

দ্বিতীয় সন্তান জন্মের মাত্র তিন দিন পরই থেমে গেল এক বাবার জীবন। চট্টগ্রামের হাসপাতালে সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে রেখে কর্মস্থল ফেনীতে ফিরেছিলেন আহমেদুর রহমান আকাশ। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যুর খবর পান স্বজনরা। কীভাবে ঘটল এই মৃত্যু? কেনই বা পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাঁর? ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।


সোমবার, ৯ নভেম্বর, রাত ১১টার দিকে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডাক্তার ডানহাম গলিতে একটি ছয়তলা ভবনের নিচে তাঁর মরদেহ পাওয়া যায়। নিহত আহমেদুর রহমান আকাশের বয়স ছিল ৩০ বছর। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওছমানপুর ইউনিয়নের আজমপুর গ্রামের আনোয়ারুল ইসলাম বাহারের ছেলে। আকাশ চট্টগ্রাম ভেটেরিনারি ও প্রাণিবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। বহুজাতিক প্রতিষ্ঠান নেসলেতে এলাকার পুষ্টি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি। চাকরির কারণে ফেনী শহরের ‘মায়ের দোয়া শান্তি মহল’ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, দ্বিতীয় সন্তানের জন্মের সময় ঘনিয়ে আসায় এক সপ্তাহের ছুটি নিয়ে স্ত্রী ও প্রথম সন্তানকে চট্টগ্রামে শ্বশুরবাড়িতে রেখে এসেছিলেন আকাশ। তিন দিন আগে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তাঁদের এক বছর বয়সী আরেকটি কন্যাসন্তানও রয়েছে। সোমবার দুপুরের পর চট্টগ্রাম থেকে ফেনীর বাসার উদ্দেশে রওনা হন আকাশ। স্বজনদের দাবি, বিকেল থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি তাঁরা। পরে রাতে ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যুর খবর আসে।


আকাশের খালু বাহা উদ্দিন মোরশেদ এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন। তাঁর ভাষ্য, সাংসারিক জীবনে আকাশ সুখী ছিলেন। মাত্র তিন দিন আগে পরিবারে নতুন সন্তানের আগমন ঘটেছে। এমন আনন্দের সময়ে তাঁর ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনা স্বজনদের কাছে অবিশ্বাস্য। তাই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তাঁরা। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


পুলিশ আরও জানিয়েছে, ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আকাশ একাই নিজের ফ্ল্যাটে তালা লাগিয়ে ছাদের দিকে উঠেছিলেন। বেলা তিনটার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। স্বজনরা তাঁকে খুঁজতে চট্টগ্রাম থেকে এক আত্মীয়কেও ফেনীতে পাঠিয়েছিলেন। ওই আত্মীয় রাতে ভবনে পৌঁছানোর পরপরই ছাদ থেকে পড়ে আকাশের মৃত্যুর ঘটনা ঘটে। তবে এটি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং পারিপার্শ্বিক তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯