ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে মানতে হবে সাতটি শর্ত—এমনই স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। শুধু তাই নয়, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনাও নাকচ করেছেন ইরানি কর্মকর্তারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, সামরিকভাবে ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা প্রায় শেষ। তবে ইরানের ওপর নৌ অবরোধ এখনো বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সৌদি আরবের আকাশে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, তেহরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করার সময় এসেছে ওয়াশিংটনের। সোমবার সামাজিকমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র সরকার বড় সংকটে পড়েছে। অথচ বাস্তব পরিস্থিতি স্বীকার না করে ওয়াশিংটন কাল্পনিক আলোচনার খবর প্রচার করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলেও জানান তিনি।
ইরানের সাতটি শর্তের মধ্যে রয়েছে লেবানন, গাজা ও ইয়েমেনসহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ, জব্দ করা সম্পদ মুক্ত করা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। এ ছাড়া ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া, অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার, সর্বশেষ যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং ইরানের বিরুদ্ধে হুমকি ও অপমানজনক বক্তব্য বন্ধ করার দাবি জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বলেছেন, সামরিক অভিযান কিংবা নৌ অবরোধের মাধ্যমে এই যুদ্ধের অবসান সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে ইরানের দাবি পূরণ করতে হবে। এ বিষয়ে তিনি দুই দিনের একটি পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন। অন্যদিকে সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। পরে ট্রাম্প দাবি করেন, সামরিক দিক থেকে ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে।
ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখছে। নতুন সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না তিনি। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান। অর্থাৎ সামরিক তৎপরতা সীমিত রাখলেও ইরানের ওপর চাপ অব্যাহত রাখছে ওয়াশিংটন। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
এর আগে সোমবার সৌদির মদিনা অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা হয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এতে সীমিত অগ্নিকাণ্ড ঘটলেও পাইপলাইনের কার্যক্রম ব্যাহত হয়নি এবং হতাহতের খবর পাওয়া যায়নি। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় সৌদি তেল রপ্তানিতে এই পাইপলাইনটির গুরুত্ব বেড়েছে। সব মিলিয়ে ইরানের সাত দফা দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং সৌদি আরবকে ঘিরে ক্ষেপণাস্ত্র ও জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। যুদ্ধ বন্ধের বিষয়ে দুই পক্ষের অবস্থানের ব্যবধান কমবে, নাকি সংঘাত আরও ছড়িয়ে পড়বে—সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।