ঢাকা-পাবনা-ঢাকা রুটে নতুন চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর অনলাইন টিকিট বিক্রি শুরু হবে আগামী ১২ নভেম্বর থেকে। ট্রেন দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ১৯ নভেম্বর। বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে কেনা যাবে। এরপর থেকে প্রতিটি যাত্রার টিকিট প্রচলিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে। তবে ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’-এর উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।
এসব টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। যাত্রীদের কাউন্টার থেকে কম্পিউটারাইজড টিকিট দেওয়া হবে। উদ্বোধনী যাত্রায় ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যে শুধু ঈশ্বরদী স্টেশনে থামবে। আগামী ২০ নভেম্বর ২০২৬ থেকে ট্রেন দুটি নিয়মিত বাণিজ্যিক যাত্রা শুরু করবে। এ সময় ঢাকা থেকে পাবনার উদ্দেশে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ছাড়বে বেলা ৩টা ২৫ মিনিটে। অন্যদিকে, পাবনা থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ যাত্রা শুরু করবে সকাল ৮টায়। নিয়মিত চলাচলের সময় ঢাকা-পাবনা-ঢাকা রুটে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।