২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর লিওনেল স্কালোনির আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আলবিসেলেস্তেদের ডাগআউটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘স্কালোনেতা’ খ্যাত আর্জেন্টিনা দলের সাফল্যের অন্যতম কারিগর স্কালোনির সামনে এবার শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। জাতীয় দলের কোচ হিসেবে এটি হবে তাঁর তৃতীয় মেয়াদ। এই সময়ে আরও কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড গড়ার সুযোগও রয়েছে তাঁর সামনে।
স্কালোনির নতুন মেয়াদে আর্জেন্টিনা দলের পরিকল্পনা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এ বিষয়গুলো সামনে রেখে আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘ডায়রিও ওলে’ ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছে।
মেসিকে ছাড়া কীভাবে খেলবে আর্জেন্টিনা?
লিওনেল মেসির বিদায় আর্জেন্টিনা দলের জন্য বড় শূন্যতা তৈরি করবে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের জায়গা পূরণ করা সহজ হবে না। তবে চলতি চক্রে চোটের কারণে মেসি মাঠের বাইরে থাকলেও দল একাধিকবার প্রমাণ করেছে, তাঁকে ছাড়াও জয়ের সামর্থ্য রয়েছে তাদের। নতুন পরিকল্পনায় দলের দায়িত্ব একক কোনো খেলোয়াড়ের ওপর না রেখে সবার মধ্যে ভাগ করে দেওয়ার চিন্তা রয়েছে। দলীয় সমন্বয় ও সম্মিলিত পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেওয়া হবে। মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে। পাশাপাশি তরুণ নিকো পাজ নিজেকে আরও প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন। আক্রমণভাগে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ হতে পারেন দলের প্রধান ভরসা।
দলের নেতৃত্বে থাকবেন কারা?
লিওনেল মেসি, নিকোলাস ওতামেন্দি ও ডি মারিয়ার বিদায়ের পর নতুন নেতৃত্বের কাঠামো নির্ধারণ করেছেন স্কালোনি। অধিনায়কের দায়িত্ব পালন করবেন ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো, লাউতারো মার্তিনেজ ও এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। তবে এই তিনজনের পাশাপাশি ড্রেসিংরুমে নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন লিসান্দ্রো মার্তিনেজ, তালিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজ।
নতুন প্রজন্মের কোন ফুটবলাররা সুযোগ পাচ্ছেন?
তরুণ নিকো পাজকে সামনে রেখে আর্জেন্টিনা দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জায়গা করে দেওয়া হচ্ছে। এই তালিকায় রয়েছেন মাস্তানতুয়োনো, আগুস্তিন গিয়া, মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন বার্কো ও জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। এ ছাড়া দলের ভারসাম্য বজায় রাখতে অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত কয়েকজন ফুটবলারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁদের মধ্যে রয়েছেন এক্সেকিয়েল পালাসিওস, ফাকুন্দো মেদিনা, ফ্লাকো লোপেজ, বালের্দি, নিকো গঞ্জালেজ ও থিয়াগো আলমাদা।
সামনে আর্জেন্টিনার ব্যস্ত সূচি কেমন?
নভেম্বরের দুটি ম্যাচ শেষ করে আগামী বছরের মার্চে ফিফার আন্তর্জাতিক বিরতিতে আবারও একত্র হবে আর্জেন্টিনা দল। এরপর জুনে কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ২০২৭ সালের সেপ্টেম্বরে পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার কথা রয়েছে। ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক হওয়ায় আর্জেন্টিনা সরাসরি খেলার সুযোগ পেলেও বাছাইপর্বে অংশ নেবে। এরপর ২০২৮ সালের জুলাইয়ে কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রের নাম আলোচনায় আছে। এই প্রতিযোগিতাকে ২০৩০ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।
কোচিং স্টাফে কারা থাকছেন?
স্কালোনি তাঁর বর্তমান কোচিং স্টাফের সবাইকে সঙ্গে রাখতে চান। তবে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সাবেক এই ডিফেন্ডার, যিনি ‘এল মুরো’ নামে পরিচিত, ডিসেম্বরের পর চুক্তির মেয়াদ শেষ হলে দায়িত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করানোর চেষ্টা চলছে। অন্যদিকে পাবলো আইমার, রবার্তো আয়ালা, মার্তিন তোকাল্লি, মাতিয়াস মান্না, ফিটনেস কোচ লুইস মার্তিন ও সহকারী ফিটনেস কোচ হুয়ান তামোনের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।
কোন রেকর্ডের সামনে স্কালোনি?
২০১৮ সালের ৮ সেপ্টেম্বর গুয়াতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার কোচ হিসেবে যাত্রা শুরু করেন স্কালোনি। এরপর এখন পর্যন্ত ১০৭ ম্যাচে দলকে পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে ৮৩টিতে জয়, ১৪টিতে ড্র এবং ১০টিতে হার দেখেছে আর্জেন্টিনা। দেশটির ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে জাতীয় দলের কোচের দায়িত্ব পালনের তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন স্কালোনি। তাঁর সামনে আছেন কিংবদন্তি গিয়ের্মো স্তাবিলে। ১৯৪০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ১২৪টি ম্যাচে আর্জেন্টিনার কোচ ছিলেন তিনি। ওই সময়ে সাতটি শিরোপাও জিতেছিলেন স্তাবিলে, যার মধ্যে ছয়টি কোপা আমেরিকা ও একটি প্যান আমেরিকান গেমসের শিরোপা। নতুন মেয়াদে দায়িত্ব পালন করতে গিয়ে স্তাবিলের ১২৪ ম্যাচের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে স্কালোনির সামনে।
বিশ্বকাপ ফাইনালের পর কীভাবে বদলাল তাঁর সিদ্ধান্ত?
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছিলেন, ডিসেম্বরের পর তিনি দায়িত্বে থাকবেন কি না, তা নিশ্চিত নন।এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে প্রায় চার মাস সময় লেগেছে। তৃতীয় বিশ্বকাপ চক্রে জাতীয় দলকে পরিচালনা করার সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবার জন্যই এই সময় নিয়েছিলেন তিনি। স্পেনের মায়োর্কায় পরিবারের সঙ্গে আলোচনা করার পর তাঁর সিদ্ধান্ত আরও স্পষ্ট হয়। পরে মেসির বিদায়ী ফিফা উইন্ডোতে এসে দায়িত্বে থাকার বিষয়টি চূড়ান্ত রূপ পায়।
স্কালোনির অধীনে কতজনের অভিষেক হয়েছে?
২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে স্কালোনি মোট ৭৩ জন নতুন ফুটবলারকে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক করিয়েছেন। সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতির তিনটি ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন রোমান ভেগা, এক্সেকিয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো সিমন, লিওনেল ফ্লোরেস, ভ্যালেন্তিন গোমেজ, তোমাস পালাসিওস, মাতিয়াস সুলে ও সান্তিয়াগো কাস্ত্রো।
অভিষেকের অপেক্ষায় রয়েছেন কারা?
বর্তমান স্কোয়াডে এমন দুজন তরুণ খেলোয়াড় রয়েছেন, যাঁরা এখনো জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি। তাঁদের একজন ডিফেন্ডার মারিয়ানো ত্রোইলো। এর আগেও জাতীয় দলে ডাক পেলেও তাঁর অভিষেক হয়নি। অন্যদিকে বোকা জুনিয়র্স থেকে উঠে আসা এবং বর্তমানে ইংলিশ ক্লাব চেলসিতে খেলা তরুণ ফুটবলার অ্যারন আনসেলমিনোও জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা কবে?
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনির চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এএফএ সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে মৌখিক সমঝোতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু কিছু আনুষ্ঠানিক কাগজপত্রের কাজ বাকি রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেগুলো শেষ করে সভাপতি ক্লদিও তাপিয়া ও কোচ স্কালোনি যৌথ বিবৃতি দিতে পারেন। সেই ঘোষণার অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা।