তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর বসানোর প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর মতে, এই কর থেকে পাওয়া অর্থ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার কাজে ব্যয় করা উচিত। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন গুতেরেস। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ মুনাফা অর্জন করছে। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকা দেশগুলো প্রয়োজনীয় আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। এই বৈষম্য দূর করতে পরিবেশদূষণের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোকেই ক্ষতির আর্থিক দায়ভার নিতে হবে। গুতেরেসের ভাষায়, ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে।’ জলবায়ু সংকটের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর বাড়তি মুনাফার ওপর কর আরোপ করে সেই অর্থ ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় ব্যয় করার পরামর্শ দেন তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, জলবায়ু সংকট যেভাবে দ্রুত বিস্তৃত হচ্ছে, সেই তুলনায় বিশ্ববাসীর উদ্যোগ যথেষ্ট নয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এ কারণে তেল, গ্যাস ও কয়লার ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ানো প্রয়োজন।জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাব নিয়েও সমালোচনা করেন গুতেরেস। তাঁর বক্তব্য, এই জ্বালানির পক্ষে যুক্তি দিন দিন দুর্বল হচ্ছে। কিন্তু এ খাতের স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর লবিং জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।এ প্রসঙ্গে তিনি বলেন, ডাইনোসরদের কোনো লবিস্ট ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানি খাতের রয়েছে। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। তাঁর মতে, তাপমাত্রা সাময়িকভাবে এই সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে উষ্ণতা কতটা বাড়বে এবং কত সময় ধরে বাড়তি থাকবে, তা এখনো মানুষের সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপের ওপর নির্ভর করছে। ১ দশমিক ৫ ডিগ্রির লক্ষ্য বজায় রাখতে কার্বন নিঃসরণ কমানোর জন্য দেশগুলোর প্রতি আরও জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতির বিষয়টি উল্লেখ করে গুতেরেস বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিশ্বের বহু অঞ্চলে নতুন বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে কম ব্যয়বহুল উৎস হয়ে উঠেছে পরিচ্ছন্ন জ্বালানি। ২০৩৫ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা অন্তত তিন গুণে উন্নীত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমানো, তেল ও গ্যাসের ব্যবহার হ্রাস, নতুন জীবাশ্ম জ্বালানিনির্ভর অবকাঠামো নির্মাণ বন্ধ এবং মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন তিনি। জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোর ঝুঁকির কথাও তুলে ধরেন গুতেরেস। তাঁর ভাষ্য, বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ এমন দেশগুলোতে বসবাস করেন, যাদের জ্বালানি চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভর করতে হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহে অস্থিরতা দেখা দিলে এসব দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব পড়ে। তাই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো কেবল পরিবেশ রক্ষার বিষয় নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তার জন্যও জরুরি।
এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর দাবি জানান জাতিসংঘ মহাসচিব। ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিল দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি জলবায়ু অভিযোজন কার্যক্রমে অর্থ বরাদ্দ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
সূত্র: ইত্তেফাক