নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষক আমানুল্লাহ সাগর ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৮ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৮ সময়
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষক আমানুল্লাহ সাগর ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম শেষে বুধবার (১১ নভেম্বর) দুপুরে রায় ঘোষণা করেন নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম। মামলার বিবরণ অনুযায়ী, মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি এলাকার একটি মহিলা কওমি মাদরাসায় পড়াশোনা করত ১১ বছর বয়সী শিশুটি। ওই মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর বিভিন্ন সময়ে সেখানে অবস্থানকালে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের কাছে নেওয়ার পর পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন। মামলায় শিক্ষক সাগরের পাশাপাশি তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকেও আসামি করা হয়।

মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান সাগর। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী ভুক্তভোগী শিশু ও নবজাতকের নমুনা সংগ্রহ করা হয়। গত ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে নবজাতকের নমুনার সঙ্গে মামলার আসামি সাগরের ডিএনএ পরীক্ষা করা হয়। আগস্টে প্রকাশিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের ডিএনএর সঙ্গে সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়ার তথ্য জানানো হয়। মামলার তদন্তে এই পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

পরবর্তী সময়ে ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এবং তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে অভিযুক্ত করা হয়। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল বলেন, সাক্ষ্য-প্রমাণ, প্রয়োজনীয় নথি ও বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালতের দেওয়া রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯