জামালপুরের বিভিন্ন উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে পাকা আমন ধান, ভুট্টা, মরিচসহ নানা ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৯ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৯ সময়
জামালপুরের বিভিন্ন উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে পাকা আমন ধান, ভুট্টা, মরিচসহ নানা ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে জমিতে থাকা পাকা আমন ধান মাটিতে পড়ে যায়। পাশাপাশি ঝোড়ো বাতাসে ভেঙে ও উপড়ে পড়ে ভুট্টা ও মরিচগাছ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলম শরীফ খান দ্য ডেইলি স্টারকে জানান, প্রাথমিক হিসাবে মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ৪৮ হেক্টর জমির আমন ধান, ৪৫ হেক্টর ভুট্টা, ২২ হেক্টর সরিষা এবং ২২ হেক্টর জমির কাঁচা মরিচ নষ্ট হয়েছে। এ ছাড়া জেলার অন্য কয়েকটি উপজেলাতেও ফসলের ক্ষতি হয়েছে। তবে সেসব এলাকার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শুধু এই দুই উপজেলাতেই মোট ১৩৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মাদারগঞ্জে ৩০ হেক্টর আমন ধান, ৫ হেক্টর ভুট্টা এবং ১০ হেক্টর মরিচ ও অন্যান্য সবজির ক্ষতি হয়েছে। অন্যদিকে সরিষাবাড়ীতে ১৮ হেক্টর আমন ধান, ৪০ হেক্টর ভুট্টা, ১০ হেক্টর সরিষা, ১২ হেক্টর মরিচ এবং ১ হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী, গুনারীতলা, চরপাকেরদহ ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। একইভাবে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া, আওনা, মহাদান ও কামরাবাদ ইউনিয়নের কৃষকেরাও ক্ষতির শিকার হয়েছেন। মাদারগঞ্জের বালিজুড়ী ইউনিয়নের কৃষক আরিফ মিয়া জানান, চরাঞ্চলে ধান, মরিচ ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝোড়ো বাতাসে পাকা ধান জমিতে পড়ে গেছে এবং মরিচগাছ উপড়ে নষ্ট হয়েছে।

একই উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ মালিপাড়া এলাকায় অনেক কৃষকের ভুট্টাখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ভুট্টাচাষি মনির বলেন, তাঁর নিজের জমিসহ এলাকার প্রায় ৪০ থেকে ৫০ জন কৃষকের ভুট্টাগাছ ঝড়ের কবলে পড়ে ভেঙে মাটিতে লুটিয়ে গেছে। চড়া দামে সার, কীটনাশক ও ডিজেল কিনে ফসল উৎপাদনের পর এমন দুর্যোগে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের কৃষক হাবিল উদ্দিন জানান, রাতের ঝড়-বৃষ্টিতে তাঁর দুই বিঘা জমির আমন ধান নষ্ট হয়েছে। উপজেলার চাঁদপুর গ্রামের কৃষক হাসান আলী বলেন, আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা আমন ধানের পাশাপাশি মরিচ ও ভুট্টারও ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা কৃষকদের জন্য বেশ কঠিন হবে। মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান এবং সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ দ্য ডেইলি স্টারকে জানান, তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯