তুরস্কে তিন দিনের সরকারি সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর মূল সম্মেলনস্থলে যোগ দিয়েছেন তিনি। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এই বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার বিষয়টি গুরুত্ব পেতে পারে। সম্মেলনস্থলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা।
এদিকে সম্মেলনের ফাঁকে চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টির সম্ভাবনা যাচাই করে দেখতে চায় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার হিসেবে এ উদ্যোগে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতাও প্রত্যাশা করছে ঢাকা। সংকটের গ্রহণযোগ্য সমাধান বের করে বিষয়টিকে ইতিবাচক পরিণতির দিকে এগিয়ে নেওয়াই বাংলাদেশের লক্ষ্য।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানিয়েছেন, এবারের জলবায়ু সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। তিনি বলেন, পরিবেশবান্ধব পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে পাট ও অন্যান্য পচনশীল পণ্য বিশ্বদরবারে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্মেলনস্থলে বাংলাদেশের পক্ষ থেকে একটি বিশেষ প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সাইমুম পারভেজ আরও জানান, আগের দিনের বৈঠকে পরিবেশবান্ধব পণ্য প্রচারের প্রস্তাব তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিনিধিরা উদ্যোগটির প্রশংসা করেছেন। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তুরস্ক সফরে নির্ধারিত আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের বিশ্বনেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কূটনৈতিক মহলের মতে, এসব আলোচনা ও সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক অংশীদারত্ব এবং সামরিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। সব মিলিয়ে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা, রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অর্জন এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েই এগিয়ে চলছে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর।