সারা দেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই, ‘নতুন মন্ত্রী’ এবং ‘পাঠশালার ছাত্রছাত্রী’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২ সময় , আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২ সময়

সারা দেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, বিভিন্ন এলাকায় সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও স্বজনেরা ডিলারশিপ পেয়েছেন। এমনকি কোথাও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশও করা হয়েছে। এসব নিয়োগ নতুন করে পর্যালোচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে সেই প্রশ্ন তুলেছেন তিনি।


বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। তাঁর বক্তব্যের সময় ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সদস্যদের শান্ত হয়ে মন্ত্রীর বক্তব্য শোনার আহ্বান জানান। হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম হয়েছে। বিভিন্ন সংবাদ প্রতিবেদনের শিরোনাম তুলে ধরে তিনি জানান, কোথাও সংসদ সদস্যের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নির স্বামী ডিলারশিপ পেয়েছেন। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির বলে অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।


এনসিপির এই সংসদ সদস্য আরও অভিযোগ করেন, সংরক্ষিত আসনের কোনো কোনো সংসদ সদস্য অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাঁর প্রশ্ন, এই নিয়োগপ্রক্রিয়া সুপরিকল্পিত ছিল কি না এবং আগের সরকারের আমলে সারের ব্যবসায় যুক্ত ব্যক্তিদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে কোনো নিয়ম করা হয়েছিল কি না। তিনি বলেন, সংসদ সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। ডিলার নিয়োগের অনিয়ম তদন্ত করে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবিও জানান তিনি।


জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক। মন্ত্রী জানান, নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে আবেদন আহ্বান করা হয়। আবেদনগুলো প্রথমে উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন কমিটি সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে যাচাই-বাছাই করে। পরে প্রস্তাব জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়। জেলা কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। সেই তালিকার প্রথম ব্যক্তিকেই ডিলার হিসেবে নির্বাচিত করা হয়েছে।


কৃষিমন্ত্রী আরও বলেন, জেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন এবং সব সদস্যের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো একজন ব্যক্তির একক সিদ্ধান্তে এসব নিয়োগ দেওয়া হয়নি। মন্ত্রীর বক্তব্যের সময় সংসদ সদস্যদের হইচইয়ের কারণে তিনি অসুবিধার কথা জানান। তিনি বলেন, তিনি নতুন মন্ত্রী, বক্তব্য দেওয়ার সময় পাশ থেকে কথা বলা হলে তাঁর সমস্যা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯