টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হলেও পরিস্থিতি আবারও উত্তপ্ত

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪৪ সময় , আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪৪ সময়

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হলেও পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার সকালে বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া ও হেমায়েতপুরের অন্তত ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ দেন। তবে সকাল ৯টার পর আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভে অংশ নেন।


অন্যদিকে সকাল ১০টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাগবাড়ী এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পদ্মার মোড়ে পাইওনিয়ার অ্যাপারেলস ও ম্যাক্সকম ইন্টারন্যাশনালের শ্রমিকেরা অবস্থান নেন। বাগবাড়ীতে স্যামস স্টাইলিং গ্রুপের প্রধান ফটকের সামনেও বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। জামগড়া এলাকাতেও শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।


পরিস্থিতির কারণে হেমায়েতপুরের বাগবাড়ী এলাকায় স্যামস স্টাইলিং গ্রুপসহ যমুনা গ্রুপের কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার আরও কয়েকটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়। সব মিলিয়ে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, জামগড়া এলাকায় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। শিল্পাঞ্চলের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।


আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। তবে কয়েকটি কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যেই আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার বহুতল ভবনের একটি স্টোরকক্ষে আগুন লাগে। বাইরে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।


তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। শ্রমিক বিক্ষোভ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯