পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় কঠোর অবস্থান নেওয়ার কথা ভাবছে তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন

জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০ সময় , আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০ সময়

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় কঠোর অবস্থান নেওয়ার কথা ভাবছে তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। পরিস্থিতির উন্নতি না হলে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারে সংগঠনটি। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডের আনুষ্ঠানিক আলোচনা বর্জনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ নিয়ে আগামী শনিবার জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে বিজিএমইএ।


বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিজিএমইএ সভাপতি বলেন, একদিকে মজুরি নিয়ে আলোচনা চলবে, অন্যদিকে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা চলতে পারে না। বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। দৃশ্যমান উন্নতি না হলে শনিবারের সভায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের পরবর্তী বৈঠকে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


আগামী ১৬ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেবে। তবে বৈঠকে বসে আলোচনায় অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। এদিকে মালিকপক্ষের এমন অবস্থানের বিষয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, শ্রমিক ফেডারেশনগুলো আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মঘটের ডাক দেয়নি কিংবা সহিংস আন্দোলনের নির্দেশনাও দেয়নি। তাঁর অভিযোগ, একটি মহল সাধারণ শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। মালিকপক্ষ মজুরি বোর্ডের আলোচনা বর্জন করলে মজুরি চূড়ান্ত করার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।


বৈঠকে ব্যবসায়ী ও শিল্পনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক, খন্দকার রফিকুল ইসলাম, বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দারসহ বিভিন্ন পোশাক কারখানার মালিকেরা। এর আগে পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন।


তবে মজুরি নিয়ে আলোচনা চললেও শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিজিএমইএর হিসাব অনুযায়ী, বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের মোট ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে শুধু সাভার-আশুলিয়া এলাকাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪০টি কারখানা। অন্যদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ছাঁটাই বন্ধের দাবিতে বুধবার দিনভর সাভার-আশুলিয়ায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯